Sunday, 27 September 2026 Breaking News
হাতে রক্তমাখা কুঠার, ঠোঁটে ক্রূর হাসি রাজের!

হাতে রক্তমাখা কুঠার, ঠোঁটে ক্রূর হাসি রাজের!

26 April 2025 · স্পোর্টেইনমেন্ট

ঢাকা : হাতে রক্তমাখা কুঠার, ঠোঁটে ক্রূর হাসি—ভক্তদের চমকে দিয়ে ঠিক এই লুকেই হাজির হলেন অভিনেতা শরীফুল রাজ। সিনেমাটির নাম ‘ইনসাফ’।

২৫ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ্যে এনেছেন নির্মাতা সঞ্জয় সমাদ্দার। ক্যাপশনে তিনি লেখেন, “ইনসাফ’ শুধু একটি শব্দ নয়! এটি একটি জীবনবোধ!”

সেই পোস্টারেই দেখা মিলল এক অচেনা রাজের! ভয়ঙ্কর হাসি ছড়িয়ে কেমন যেন শীতল দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন তিনি।

পোস্টারের বিষয়ে সঞ্জয় সমাদ্দার জানান, সিনেমাটির প্রথম পোস্টারে বেশ সাড়া পাচ্ছেন। অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমাটি দর্শকের ভালো লাগবে বলেই বিশ্বাস করেন তিনি।

এর আগে টলিউডে ‘মানুষ’ নির্মাণের মধ্যদিয়ে চলচ্চিত্রে অভিষেক করেছেন নির্মাতা সঞ্জয় সমদ্দার। এতে নায়ক ও প্রযোজক ছিলেন জিৎ। এটি বাণিজ্যিক সফলতা সে অর্থে না পেলেও, নির্মাতা হিসেবে সঞ্জয় ভালোই প্রশংসা কুড়িয়েছেন।

এদিকে, আসন্ন ঈদুল আযহায় ইনসাফ মুক্তি পাওয়ার কথা রয়েছে। যেখানে শরীফুল রাজের বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। এ ছাড়াও শোনা যাচ্ছে এই সিনেমায় ভিলেন হিসেবে দেখা মিলবে অভিনেতা মোশাররফ করিমের।

নিউজ নাউ বাংলা / ২৬ এপ্রিল ২০২৫/ জেডআরসি