রক্তে রাঙা শৈশব

✍️ শিরিন আকতার

​আর কত রক্তে ধুয়ে যাবে মাটি? আর কত লাশ হবে জমা? শিশুদের রক্তে গড়ে ওঠা এ সমাজ, পায় কি কোনোদিন ক্ষমা?

পল্লবী কিংবা বাড্ডার গলি—রক্তে রাঙা আজ সব পথ, নিষ্পাপ প্রাণ কেড়ে নিয়ে যারা—তোরা মানুষ?নাকি পশুত্ব করেছিস বরণ?

​২২ ঘণ্টায় একটি শিশুর মৃত্যু—এ কি স্বাভাবিক কোনো খবর? নাকি আমাদের পচে যাওয়া সমাজের, এক অভিশপ্ত সমর?

যে বাবা আদর করে বুকে নিতো, সে হাত আজ টিপে ধরে শ্বাস, ধর্ষক আজ হায়েনার চেয়েও ক্রূর, কেড়ে নেয় সব নিশ্বাস!

​কোন অন্ধকারে ডুবছে দেশ আজ? কেন মূল্য নেই প্রাণ?

প্রতিটা লাশের কান্নায় ভাসে, ব্যর্থ আইনের শ্মশান।

তোদের বিচার চাই না শুধু, চাই আজ উলঙ্গ প্রতিবাদ, শিশুর রক্তে রঞ্জিত হাতে, ছিঁড়ে যাক সব বিষাদ।

​খেলার মাঠ আর পড়ার টেবিল—বধ্যভূমি আজ কেন? কোথায় পালাবে খুনি তোরা? জবাব দিবি তবে এন!

আমরা জেগেছি—রক্তের ঋণ শোধ হবে আজ রণে, শিশুর চোখের জল দিয়ে লিখব, নতুন ইতিহাস এই ক্ষণে।

​সতর্ক হও, নড়ে ওঠো আজ—ভয় নেই, হোক শেষ অনাচার, শিশুর রক্তের অভিশাপে ধ্বংস হোক, তোদের এ অন্ধকার!