Friday, 25 September 2026 Breaking News
শিশু ধর্ষণ ও হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি নারী সাংবাদিকদের

শিশু ধর্ষণ ও হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি নারী সাংবাদিকদের

24 May 2026 · অন্য খবর

দেশে একের পর এক কন্যাশিশু ধর্ষণ ও ধর্ষণের পর হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র। (বিএনএসকে)। একই সঙ্গে রামিসাসহ এ পর্যন্ত সংঘটিত শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে।

রোববার (২৪ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র (বিএনএসকে) আয়োজিত প্রতিবাদী মানববন্ধন থেকে তারা এসব দাবি জানান। কর্মসূচির স্লোগান ছিলো- ‌‘কোন প্রতিশ্রুতি চাই না, WE WANT JUSTICE’।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু। এ সময় তিনি বলেন, গত ৫ মাসেই দেশে ১১৮ শিশু ধর্ষণ, আর ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে ১৭ শিশু। এসব ঘটনায় শিশুদের নিয়ে তাদের মা-বাবা ও অভিভাবকরা উদ্বিঘ্ন।

এমন পরিস্থিতিতে রামিসা, ইরাসহ সব শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় দোষীদের দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তি এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান তিনি।

কর্মসূচিতে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের নেতৃবৃন্দ ও সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।