Monday, 28 September 2026 Breaking News
শবে বরাতের নামাজ বাড়িতে পড়ার অনুরোধ ইসলামিক ফাউন্ডেশনের

শবে বরাতের নামাজ বাড়িতে পড়ার অনুরোধ ইসলামিক ফাউন্ডেশনের

4 April 2020 · বাংলাদেশ

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ করোনা ভাইরাসের কারণে পবিত্র শবে বরাতে নিজ বাড়িতে নামাজ আদায় ও দোয়াসহ ইবাদত করার অনুরোধ জানিয়েছে । শনিবার ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সংকটকালীন পরিস্থিতিতে দেশের নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত করোনা ভাইরাস সম্পর্কিত দিক নির্দেশনামূলক বক্তব্য এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক ঘোষিত নির্দেশনা মান্য করে আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার) দিবাগত রাতে নিজ নিজ বাসস্থানে বসে পবিত্র শবে বরাতের ইবাদত যথাযথ মর্যাদায় আদায় করার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে করোনা ভাইরাসের বিস্তৃতি রোধকল্পে সরকার সব সরকারি-বেসরকারি অফিস ‍ও শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করেছে। অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া জনসাধারণকে ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। সব ধরনের সামাজিক/রাজনৈতিক/ধর্মীয় জনসমাগমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সকলকে হোম কোয়ারেনটাইন পালন করতে কঠোরভাবে নির্দেশ প্রদান করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকেও মসজিদে জুমা ও পাঁচ ওয়াক্তের ফরজ নামাজে মুসল্লিদের অংশগ্রহণ সীমিত রাখার আহবান করা হয়েছে। অযু, নফল ও সুন্নত নামাজ বাসায় আদায় করার অনুরোধ করা হয়েছে।