Monday, 28 September 2026 Breaking News
শতভাগ পাস ৯৮৪ প্রতিষ্ঠানে, শতভাগ ফেল ১৩৪ বিদ্যালয়ে

শতভাগ পাস ৯৮৪ প্রতিষ্ঠানে, শতভাগ ফেল ১৩৪ বিদ্যালয়ে

10 July 2025 · বাংলাদেশ

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ৯৮৪টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। গত বছর এই সংখ্যাটি ছিল ২ হাজার ৯৬৮টি। ফলে এ বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।

অন্যদিকে এ বছর ১৩৪টি প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি। গত বছর শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫১টি। সেই হিসেবে শতভাগ ফেল করা প্রতিষ্ঠান এবার বেড়েছে ৮৩টি।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ—এই ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করে।

প্রতিবছরের মতো এবার ফল প্রকাশ ঘিরে কোনো ধরনের আনুষ্ঠানিকতা রাখা হয়নি। তবে সার্বিক বিষয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার সভাকক্ষে মতবিনিময় সভা হয়। সেখানে কথা বলেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দকার এহসানুল কবির।

এ বছর মোট ৩০ হাজার ৮৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩ হাজার ৭১৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। অংশ নেয় ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন পরীক্ষার্থী, যা গত বছরের তুলনায় প্রায় এক লাখ কম। এবার ফল তৈরি হয়েছে ‘বাস্তব মূল্যায়ন’ নীতিতে।