Sunday, 27 September 2026 Breaking News
Soccer Football - FIFA World Cup 2026 - Group J - Argentina v Algeria - Kansas City Stadium, Kansas City, Missouri, U.S. - June 16, 2026 Argentina's Lionel Messi celebrates scoring their first goal REUTERS/Claudia Greco     TPX IMAGES OF THE DAY

মেসির সামনে ৩ রেকর্ডের হাতছানি

22 June 2026 · স্পোর্টেইনমেন্ট

➤➤ যে বিশ্বকাপ একটা সময় ছিল লিওনেল মেসির কাছে আক্ষেপের অন্য নাম, শেষবেলায় এসে সেই বিশ্বকাপই মেসিকে দুহাত ভরে দিচ্ছে! লুসাইলের সেই রাতে মেসির কাছে জমে থাকা ঋণ শোধ হয়েছে ঠিকই, তবে দীর্ঘদিনের জমে থাকা সুদটা তো বাকি! এই বিশ্বকাপ যেন মেসির কাছে সেই বাড়তি পাওয়ারই মঞ্চ।

প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকের দেখা পেয়ে গেছেন মেসি, সেই সঙ্গে মিরোস্লাভ ক্লোসার গড়া বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের রেকর্ডেও বসিয়েছেন ভাগ। আজ অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে একটি গোল পেলেই বিশ্বকাপে গোলসংখ্যার চূড়ায় পৌঁছে যাবেন মেসি।

গ্রুপ পর্বে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচে ক্লোসার আরেকটি রেকর্ড ভাঙার অপেক্ষায়ও আছেন মেসি। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচে (১৬টি) জয়ের স্বাদ পাওয়া ফুটবলার ক্লোসা। আলজেরিয়া ম্যাচের জয়ে জার্মান স্ট্রাইকারের পাশে বসেছেন মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জিতলে, রেকর্ডটিও একার হয়ে যাবে তার।

◉ নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়

কাতারে ২০২২ বিশ্বকাপের ফাইনালে মাঠে নামার মাধ্যমেই সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি নিজের করে নিয়েছিলেন মেসি, আলজেরিয়ার বিপক্ষে সে সংখ্যাটিকেই বাড়িয়ে করলেন ২৭। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচটি হবে মেসির ক্যারিয়ারের ২৮তম বিশ্বকাপ ম্যাচ।

মেসিকে হাতছানি দিচ্ছে আরেকটি অনন্য রেকর্ড। বিশ্বকাপের ইতিহাসে বক্সের বাইরে থেকে সর্বোচ্চ পাঁচ গোল করার কীর্তি এখন ব্রাজিলের রিভেলিনোর ও মেসির।

‘দ্য অ্যাটোমিক কিক’খ্যাত রিভেলিনো ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপে চেকোস্লোভাকিয়া ও উরুগুয়ের বিপক্ষে দূরপাল্লার শটে গোল করেছিলেন। চার বছর পর, ১৯৭৪ সালের জার্মানি বিশ্বকাপে জায়ার, পূর্ব জার্মানি ও আর্জেন্টিনার বিপক্ষেও বক্সের বাইরে থেকে গোল করেন তিনি।

এ রেকর্ডের পথে মেসির যাত্রা শুরু ২০১৪ সালে। সেই আসরে বসনিয়া ও হার্জেগোভিনা, ইরান ও নাইজেরিয়া— এ তিন দলের বিপক্ষে গোল করেছিলেন বক্সের বাইরে থেকে। ২০২২ বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষেও বক্সের বাইরে থেকে গোল করেন তিনি।

◉ বিশ্বকাপ ট্রফির রূপ বদলের গল্প

এবারের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে বক্সের বাইরে থেকে একটি গোল করে রিভেলিনোর রেকর্ড স্পর্শ করেন মেসি। অস্ট্রিয়া ম্যাচে এই অনন্য রেকর্ডটিও নিজের করে নিতে পারেন আর্জেন্টাইন অধিনায়ক।

বিশ্বকাপের একটি রেকর্ড টিকে আছে ১৯৫৮ থেকে, যেটি এখনো কেউ ভাঙার কাছাকাছিও যেতে পারেননি। ১৯৫৮ বিশ্বকাপে এক আসরে ফ্রান্সের জ্যা ফতেঁ করেছিলেন ১৩ গোল, তার রেকর্ডটি এত বছরেও কেউ ভাঙতে পারেননি।

সবচেয়ে কাছাকাছি গিয়েছেন জার্মানির জার্ড মুলার, ১৯৭০ বিশ্বকাপে ১০ গোল করেছিলেন। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকে শুরু করা মেসি যদি গোলের ধারাটা ধরে রাখতে পারেন পরের ম্যাচগুলোতেও, তাহলে ফতেঁর রেকর্ড ভাঙতে না পারলেও অনেকটাই কাছাকাছি চলে যাওয়া সম্ভব তার পক্ষেই।

নিউজ নাউ বাংলা/এফওয়াই/ জেডআরসি/ ‌২২ জুন ২০২৬