Monday, 28 September 2026 Breaking News
মুজিববর্ষে ঢাকা আসছেন মোদী-সোনিয়া

মুজিববর্ষে ঢাকা আসছেন মোদী-সোনিয়া

6 December 2019 · বাংলাদেশ

আগামী বছর মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফর করবেন। এছাড়া সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এবং কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীও আসবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। শুক্রবার জাতীয় জাদুঘরে বাংলাদেশকে ভারতের স্বীকৃতির ৪৮তম বার্ষিকী উপলক্ষে ‘মুক্তিযুদ্ধে ভারতের অবদান ও বাংলাদেশ-ভারত সম্পর্ক’ শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, ‘দেশের জনগণের প্রত্যাশা বন্ধুপ্রতীম ভারত এমন কিছু করবে না যাতে উভয় দেশের জনগণের মধ্যে দুশ্চিন্তা বা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। বন্ধুত্বের মাধ্যমেই বাংলাদেশ-ভারত এগিয়ে যাবে। দুই দেশের জনগণের প্রত্যাশা পূরণ হবে।’ মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সরকার ৩৮০ শহীদ ভারতীয় সেনা সদস্যের জন্য সম্মাননা স্মারক প্রস্তুত করেছে। শিগগিরই তাদের কাছে হস্তান্তর করা হবে।’ গত বছরের ১৬ই ডিসেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কলকাতার ফোর্ট উইলিয়ামে মুক্তিযুদ্ধে শহীদ ১২ ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যের পরিবারের হাতে মুক্তিযুদ্ধ সম্মাননা তুলে দেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধ ছিল জনযুদ্ধ। বাংলাদেশের ছাত্র-জনতা, কৃষক-শ্রমিক, উকিল-মোক্তার, বুদ্ধিজীবী, যুবক সব শ্রেণির জনগণ এ যুদ্ধে অংশগ্রহণ করে।’