Monday, 28 September 2026 Breaking News
মালদ্বীপে সশস্ত্র বাহিনীর মেডিক্যাল টিম

মালদ্বীপে সশস্ত্র বাহিনীর মেডিক্যাল টিম

20 April 2020 · বাংলাদেশ

করোনাভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশে আটকে পড়া মালদ্বীপের ৭১ জন নাগরিককে নিয়ে মালদ্বীপ গিয়েছে সশস্ত্র বাহিনীর একটি মেডিক্যাল টিম। মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশিদের করোনার চিকিৎসাও দেবে এই মেডিক্যাল টিম। সোমবার (২০ এপ্রিল) বিমানবাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমানে তারা ঢাকা ত্যাগ করে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বাংলাদেশে আটকে পড়া ৭১ মালদ্বীপের নাগরিককে নিয়ে সশস্ত্র বাহিনীর ১০ সদস্যের মেডিক্যাল টিমটি সোমবার ঢাকা ত্যাগ করে। এসময় বাংলাদেশ বিমান বাহিনীর সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল মো. আবুল বাশার, বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত আইহাত শান শাকির উপস্থিত ছিলেন। বাংলাদেশ বিমান বাহিনীর ১৫ সদস্যের এয়ার ক্রু'র সমন্বয়ে গঠিত এই মিশনের নেতৃত্বে আছেন বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এনামুল হক। মিশন সুসম্পন্ন করার জন্য বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।