Monday, 28 September 2026 Breaking News
মাজেদের প্রাণভিক্ষার আবেদন খারিজ

মাজেদের প্রাণভিক্ষার আবেদন খারিজ

9 April 2020 · বাংলাদেশ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এখন আর তার ফাঁসির রায় কার্যকরে কোনো বাধা থাকলো না। বুধবার (৮ এপ্রিল) বিকেলে মাজেদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার এ আবেদন করেন। জানা যায়, কারা কর্তৃপক্ষের মাধ্যমে আব্দুল মাজেদের প্রাণভিক্ষার আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে বঙ্গভবনে পৌঁছায়। এরপরই তা খারিজ করে দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এটি খারিজ হওয়ায় কারা কর্তৃপক্ষের সামনে দণ্ড কার্যকরে আর কোনো বাধা থাকছে না। গত বুধবার দুপুরে ঢাকার জেলা ও দায়রা জজ হেলাল চৌধুরী তার মৃত্যুপরোয়ানা জারি করেন। আদালতের নির্দেশ অনুযায়ী গতকাল বেলা সোয়া একটায় কারা কর্তৃপক্ষ আসামিকে আদালতে হাজির করে। এরপর রাষ্ট্রপক্ষের প্রসিকিউটররা আসামি গ্রেফতার দেখানোসহ আসামির বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করার আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামি আব্দুল মাজেদকে গ্রেপ্তারসহ মৃত্যু পরোয়ানার আবেদন মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মোসাররফ হোসেন কাজল জানান, মৃত্যু পরোয়ানা কারাগারে যাওয়ার পর কারা কর্তৃপক্ষ ২১ থেকে ২৮ দিনের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকরের ব্যবস্থা গ্রহণ করবে।