Monday, 28 September 2026 Breaking News
মন্ত্রী পরিষদ সভায় রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন

মন্ত্রী পরিষদ সভায় রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন

9 December 2019 · বাংলাদেশ

একাদশ জাতীয় সংসদের ২০২০ সালের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, সংবিধানের ৭৩(২) অনুচ্ছেদের বিধান অনুযায়ী একাদশ জাতীয় সংসদের ২০২০ সালের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। মন্ত্রণালয় ও বিভাগ থেকে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে রাষ্ট্রপতি প্রদেয় ভাষণের খসড়া এবং সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির পাঠের উদ্দেশ্যে একটি সংক্ষিপ্ত ভাষণের খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে প্রণয়ন করা হয়। খসড়া ভাষণে দেশের সার্বিক পরিস্থিতি ও সামষ্টিক অর্থনীতির চিত্র; দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও সাফল্য; রূপকল্প ২০২১ বাস্তবায়নে বিভিন্ন খাতে গৃহীত কর্মসূচির রূপরেখা; ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নে বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন; দেশে ও বিদেশে কর্মসংস্থান; সামাজিক নিরাপত্তা বেষ্টনি কর্মসূচির প্রসার; যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার অগ্রগতি; বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে অর্জিত সাফল্য এবং প্রশাসনিক নীতি-কৌশল, উন্নয়ন-দর্শন এবং অগ্রযাত্রার দিকনির্দেশনা উল্লেখ রয়েছে।