Monday, 28 September 2026 Breaking News
বঙ্গবন্ধুর নামে লাখ ডলারের আন্তর্জাতিক শান্তি পদক বাতিল

বঙ্গবন্ধুর নামে লাখ ডলারের আন্তর্জাতিক শান্তি পদক বাতিল

4 March 2025 · বাংলাদেশ

ঢাকা : ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক নীতিমালা, ২০২৪’ বাতিল করে দিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (৪ মার্চ) উপদেষ্টা পরিষদের বৈঠকে এই নীতিমালা বাতিলের সিদ্ধান্ত আসে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠকে অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ সরকারের আমলে এই পদকের নীতিমালা চূড়ান্ত হলেও এখন পর্যন্ত কাউকে দেওয়া হয়নি।

গত বছরের ২০ মে আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখাসহ বিভিন্ন অবদানের জন্য ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক’ সংক্রান্ত নীতিমালার চূড়ান্ত অনুমোদন দেয় তৎকালীন সরকার।

অনুমোদনের ১০ মাসের মাথায় অন্তর্বর্তী সরকার সেটি বাতিল করল। ওই নীতিমালা অনুযায়ী, প্রতি দুই বছর পরপর একজনকে এই পদক দেওয়ার কথা ছিল। পদকের জন্য জন্য নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ডলার, ৫০ গ্রাম ওজনের ১৮ ক্যারেটের স্বর্ণপদক ও সনদ।

পৃথিবীর যেকোনো স্থানে শান্তি প্রতিষ্ঠা, ক্ষুধা ও দারিদ্র্য থেকে মুক্তি, যুদ্ধ বন্ধ ও বিরতিতে অবদান রেখেছেন এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে মনোনয়ন দেওয়ার কথা বলা হয়েছিল বাতিল হওয়া নীতিমালায়।