Sunday, 27 September 2026 Breaking News
ফুড সেফটি মুভমেন্টের যুগ্ম মহাসচিব হলেন মুজাহিদুল ইসলাম

ফুড সেফটি মুভমেন্টের যুগ্ম মহাসচিব হলেন মুজাহিদুল ইসলাম

29 June 2026 · বাংলাদেশ

➤➤ বিশ্ব নিরাপদ খাদ্য দিবস ও ‘ফুড সেফটি মুভমেন্ট’-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিশিষ্ট সাংবাদিক ও তরুণ উদ্যোক্তা এ.কে.এম. মুজাহিদুল ইসলামকে সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়।

রাজধানীর বিজয়নগরে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) কনফারেন্স হলে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুড সেফটি মুভমেন্টের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মাহমুদুল ইসলাম সেলিম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সালাম এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক সচিব ও পরিচালক ড. আনোয়ার ফারুক।

অনুষ্ঠানে বক্তারা দেশের নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, খাদ্যে ভেজাল প্রতিরোধ, দেশব্যাপী জনসচেতনতা বৃদ্ধি এবং একটি সুস্থ জাতি গঠনে সরকারি-বেসরকারি খাতের সম্মিলিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার, ব্যবসায়ী, গণমাধ্যম ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ অপরিহার্য বলে মত প্রকাশ করেন তারা।

এ সময় সংগঠনের নতুন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণের পর এ.কে.এম. মুজাহিদুল ইসলাম উপস্থিত সুধীজনের উদ্দেশ্যে বলেন, ‘নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু সরকারের একার দায়িত্ব নয়, এটি আমাদের সকলের সামাজিক ও নৈতিক দায়িত্ব। জনসচেতনতা সৃষ্টি এবং নিরাপদ খাদ্য আন্দোলনকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে আমি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব, ইনশাআল্লাহ।’

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী, সমাজসেবী, ব্যবসায়ী ও ফুড সেফটি মুভমেন্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ.কে.এম. মুজাহিদুল ইসলামের বর্ণাঢ্য কর্মজীবন: বহুমুখী প্রতিভার অধিকারী এ.কে.এম. মুজাহিদুল ইসলাম বর্তমানে ‘স্মার্ট হোস্টেল’, ‘স্মার্ট মিডিয়া টেক’ এবং ‘স্মার্ট এডুকেশন কনসালটেন্সি’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

পাশাপাশি তিনি ‘দৈনিক ভোরের হাওয়া’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং ‘ফেইথ গ্লোবাল বিজনেস লিমিটেড’-এর পরিচালক হিসেবেও যুক্ত রয়েছেন।

সাংবাদিকতা, উদ্যোক্তা উন্নয়ন ও সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ইতোমধ্যেই ‘কৃতি সাংবাদিক সম্মাননা’, ‘বিশ্ব শান্তি দিবস সম্মাননা’ এবং ‘সফল উদ্যোক্তা সম্মাননা’সহ দেশ-বিদেশের একাধিক সম্মাননায় ভূষিত হয়েছেন।

নিউজ নাউ বাংলা/এফওয়াই/ জেডআরসি/ ‌২৯ জুন ২০২৬