Monday, 28 September 2026 Breaking News
প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জামায়াতের অবস্থান কর্মসূচি

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জামায়াতের অবস্থান কর্মসূচি

21 February 2025 · বাংলাদেশ

ঢাকা : জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

আগামী ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি পালন করবে তারা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে তিনি বলেন, সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম তৎকালীন ফ্যাসিস্ট সরকারের মিথ্যা ও সাজানো মামলায় দীর্ঘ ১৩ বছরের অধিক সময় কারাগারে আটক আছেন। ফ্যাসিস্ট সরকারের পতনের পর ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী মুক্তিলাভ করেছেন।

দেশবাসী আশা করেছিল, চরম জুলুম-নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলামও স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্তিলাভ করবেন। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের প্রায় সাড়ে ছয় মাস পেরিয়ে গেলেও তিনি মুক্তিলাভ করেননি। এতে দেশবাসী হতবাক ও বিস্মিত।

এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে আগামী ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি পালিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের আমীর ডা. শফিকুর রহমান।

ওই গণঅবস্থান কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিশ্চিত করার জন্য জামায়াতের পক্ষ থেকে দেশবাসীর প্রতি উদাত্ত আহবান জানান দলের সেক্রেটারি জেনারেল।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান জানান, এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে তিনি নিজেই গ্রেফতার হতে আগামী ২৫ ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গণে যাবেন।

এর আগে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আজহারুল ইসলামের মুক্তি দাবিতে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ করে জামায়াতে ইসলামী।