Monday, 28 September 2026 Breaking News
প্রধানমন্ত্রীর নির্দেশে বাড়ি পাচ্ছেন শেরপুরের সেই ভিক্ষুক

প্রধানমন্ত্রীর নির্দেশে বাড়ি পাচ্ছেন শেরপুরের সেই ভিক্ষুক

22 April 2020 · বাংলাদেশ

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধীগাঁও গ্রামের ইয়ার আলীর ছেলে নাজিম উদ্দিন (৮০), যিনি ভিক্ষা করে সংসার চালান। বসতঘর মেরামত করার জন্য দুই বছর ধরে জমিয়েছিলেন ১০ হাজার টাকা। দেশজুড়ে করোনা ভাইরাসের তার মতো ঘরবন্দি অনেক কর্মহীন মানুষ। নাজিম উদ্দিন তার ভিক্ষার ১০ হাজার টাকা স্থানীয় ইউএনও রুবেল মাহমুদের কাছে ত্রাণ তহবিলের জন্য দেন। পেশায় ভিক্ষুক হলেও তার মহানুভবতার এ সংবাদ প্রকাশিত হওয়ার পর তা নজরে আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ইউএনও রুবেল মাহমুদ এ বিষয়ে বলেন, নাজিম উদ্দিনের টাকা দেওয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়। রাতে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নাজিমউদ্দিনকে ভিটেমাটি ও পাকা বাড়ি করে দেওয়ার নির্দেশ আসে। তিনি আরো জানান, নাজিম উদ্দিনকে খাসজমি বন্দোবস্তসহ বাড়ি করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, সেখানে তাকে বাড়ি করে দিবে, আজীবন চিকিৎসা ব্যয় বহন করবে এবং আর যাতে ভিক্ষা করে খেতে না হয় সেজন্য একটি দোকান করে দেয়া হবে। আজ ২২ এপ্রিল, নাজিম উদ্দিনকে জেলা প্রশাসন অফিসে আনা হয়। এসময় ডিসি প্রধানমন্ত্রীর ঘোষণার কথা জানান আর নগদ ২০ হাজার টাকা তুলে দেন।