Monday, 28 September 2026 Breaking News
নির্বাচন ঘিরে শুরু হচ্ছ যৌথবাহিনীর বিশেষ অভিযান

নির্বাচন ঘিরে শুরু হচ্ছ যৌথবাহিনীর বিশেষ অভিযান

4 January 2026 · বাংলাদেশ

নির্বাচনকে সামনে রেখে সারা দেশে যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু হতে যাচ্ছে। এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

রবিবার (৪ জানুয়ারি) কক্সবাজারে জেলা প্রশাসন আয়োজিত এক সভায় তিনি এ তথ্য জানান এবং জানান, আজকের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেই সংক্রান্ত পরিপত্র জারি হবে।

ইসি সানাউল্লাহ বলেন, ‘এ মুহূর্ত থেকে যৌথবাহিনীর অপারেশন শুরু হবে। ইতিমধ্যে সকল বাহিনী প্রধানদের নিয়ে কমিশনে বৈঠক হয়েছে। হেডকোয়ার্টারও বিষয়টি অবগত।’

তিনি স্পষ্ট করেন, অভিযানের মূল লক্ষ্য তিনটি, যেমন-

প্রথমত নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্রগুলো খুঁজে বের করা এবং উদ্ধার করা। যেসব অস্ত্র উদ্ধার সম্ভব হবে না, সেগুলো যেন কোনো অপকর্মে ব্যবহার না হয়। দ্বিতীয়, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং আইনের আওতায় আনা।

তৃতীয়ত নির্বাচনকেন্দ্রিক দল এবং প্রার্থীদের আচরণবিধির বড় ধরনের লঙ্ঘন হলে তা যৌথবাহিনী নজরে রাখবে। ছোটখাটো ব্যত্যয় দেখবে স্থানীয় রুটিন কমিটি।

ইসি সানাউল্লাহ রেহিঙ্গাদের বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক করে বলেন, ‘ক্যাম্পগুলো সম্পূর্ণ সিল করতে হবে। স্থল সীমান্ত এবং সাগরপথে নজরদারি বাড়াতে হবে। কোনোভাবেই দুষ্কৃতিকারীরা এসব ব্যবহার করে অপরাধ ঘটাতে পারবে না।’

তিনি আরো বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন সুষ্ঠুভাবে না হলে পরিণতি সকলকে বহন করতে হবে।’