Monday, 28 September 2026 Breaking News
নির্বাচন ও সংস্কার পরিকল্পনা জানালেন প্রধান উপদেষ্টা

নির্বাচন ও সংস্কার পরিকল্পনা জানালেন প্রধান উপদেষ্টা

7 February 2025 · বাংলাদেশ

ঢাকা : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, চলতি বছরের শেষ দিকে জাতীয় সংসদের নির্বাচন হতে পারে। সম্প্রতি জাপানের ব্রডকাস্টিং কর্পোরেশনকে (এনএইচকে) দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকারে এই নোবেলজয়ী অর্থনীতিবিদ জানান, তিনি নিশ্চিত করতে চান বাংলাদেশ তার নিজ পায়ে দাঁড়াবে এবং আরও শক্তিশালী হবে। এ ছাড়া যারা নির্বাচনে নির্বাচিত হবে তারা কাজ করার জন্য শক্তিশালী ভিত্তি পাবে।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, যখন আমরা ক্ষমতায় এসেছিলাম, ওই সময়ের পরিস্থিতি বললে, আমি মনে করি আমরা অনেক দূর এগিয়েছি। কারণ এটি ছিল একটি বিধ্বস্ত সমাজ-অর্থনীতি-রাজনৈতিক ব্যবস্থা, বিচারিক ব্যবস্থা।

নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের সবচেয়ে দ্রুত সময় হতে পারে এ বছরের শেষ দিক। যখন নির্বাচন হবে, যারা নির্বাচিত হবে, তারা কাজ করার জন্য শক্তিশালী একটি ভিত্তি পাবে।

সাক্ষাৎকারে তরুণ প্রজন্মকে নিয়েও কথা বলেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, তরুণরা তাদের সৃজনশীলতার শক্তি প্রদর্শন ও পুরো বিশ্বের সঙ্গে এটি ভাগ করতে চায়। আমাদের মাথায় এই লক্ষ্যটি আছে, দেখা যাক আমরা কীভাবে এগোই।

প্রধান উপদেষ্টা বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী জাপানের প্রতিও সাক্ষাৎকারে কৃতজ্ঞতা প্রকাশ করেন।