Monday, 28 September 2026 Breaking News
নানা কর্মসূচিতে শেখ মণির জন্মদিন পালন

নানা কর্মসূচিতে শেখ মণির জন্মদিন পালন

4 December 2019 · বাংলাদেশ

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণির ৮০তম জন্মদিন আজ। সমাধিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচিতে শেখ মণির জন্মদিন পালন করা হয়। প্রতিভাবান রাজনীতিক ও সাংবাদিক শেখ মণি ১৯৩৯ সালের ৪ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম শেখ নূরুল হক বঙ্গবন্ধুর ভগ্নীপতি। মা শেখ আছিয়া বেগম বঙ্গবন্ধুর বড় বোন। ৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে শেখ মণি ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণিকেও নৃশংসভাবে হত্যা করে ঘাতকরা। মণি ঢাকা নবকুমার ইনস্টিটিউট থেকে মাধ্যমিক ও জগন্নাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর ১৯৬০ সালে বরিশাল বিএম কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন। ষাটের দশকে সামরিক শাসনবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি মুজিব বাহিনীর অধিনায়ক ছিলেন। বঙ্গবন্ধুর নির্দেশে ১৯৭২ সালে যুবলীগ প্রতিষ্ঠার মাধ্যমে এ দেশে যুব রাজনীতির সূচনা করেন শেখ মণি। ১৯৬২-৬৩ সালে মেয়াদে তৎকালীন পূর্ব পাকিস্তানের ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। পাকিস্তানের দোসর মোনায়েম সরকার তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমএ ডিগ্রি কেড়ে নেয়। তিনি দৈনিক বাংলার বাণী, বাংলাদেশ টাইমস এবং বিনোদন পত্রিকা সাপ্তাহিক সিনেমার সম্পাদক ছিলেন। শেখ মণির জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি পালন করে যুবলীগ। সকাল ৮টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে ৯টায় বনানী কবরস্থানে শহীদ শেখ মণি ও ১৫ আগস্টের শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতিহা পাঠ করা হয়। বনানী কবরস্থান মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল হয় এবং সকাল ১০টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা ও মিলাদ মাহফিল হয়।