Monday, 28 September 2026 Breaking News
দেশের জন্য ভাবতে হবে জুলাই যোদ্ধাদের মতো: আইন উপদেষ্টা

দেশের জন্য ভাবতে হবে জুলাই যোদ্ধাদের মতো: আইন উপদেষ্টা

26 April 2025 · বাংলাদেশ

তরুণ প্রজন্মের উদ্দেশে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, দেশের জন্য ভাবতে হবে জুলাই যোদ্ধাদের মতো। শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর অফিসার্স ক্লাবে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তনে এ কথা বলেন তিনি।
আইন উপদেষ্টা বলেন, ‘জুলাই বিপ্লবের মতো ঘটনা ঘটে বলেই অত্যাচারী শাসক, স্বৈরাচারের পতন ঘটে। এভাবেই নতুন রাষ্ট্রের জন্ম হয়। তাই কেবল নিজের জন্য নয়, দেশের জন্য ভাবতে হবে জুলাই যোদ্ধাদের মতো।’
তিনি বলেন, ‘পড়াশোনার জন্য বিদেশের যেকোনো জায়গায় থাকলেও জন্মভূমিতে ফিরে দেশের জন্য কাজ করতে হবে।’
সমাবর্তানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘দেশের প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তনে ঝুঁকি মোকাবিলা, বনজ সম্পদ উন্নয়ন ও টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে বাসোপযোগী টেকসহ পরিবেশ নিশ্চিতকরণে নতুন প্রজন্মকে কাজ করতে হবে।’
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘ইকোফেমিনিজম দর্শন মূলত প্রকৃতি রক্ষা এবং নারী মুক্তি। এই দুটি সংগ্রাম আসলে মুদ্রার এপিঠ-ওপিঠ।’
সর্বোপরি টেকসই, সবুজ ও মানবিক ভবিষ্যতের জন্য তরুণ প্রজন্মকে সাহসী, চিন্তাশীল ও ন্যায়পরায়ণ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান উপদেষ্টা।
একই অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার বলেন, ‘অধিকারবিবর্জিত প্রজা থেকে অধিকারসমৃদ্ধ নাগরিক হিসেবে নিজেদের অস্তিত্ব প্রকাশে তরুণ প্রজন্মের অবদান অনস্বীকার্য।’