Monday, 28 September 2026 Breaking News
জনসমাগম করে নববর্ষ উদযাপন নিষিদ্ধ

জনসমাগম করে নববর্ষ উদযাপন নিষিদ্ধ

31 March 2020 · বাংলাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনসমাগম করে নববর্ষ উদযাপন অনুষ্ঠান সারা বাংলাদেশে বন্ধ রাখতে হবে।
করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে চলমান কার্যক্রম সমন্বয় করতে ৬৪ জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ ভিডিও কনফারেন্স শুরু হয়। ৬৪ জেলার কর্মকর্তারা এ ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতে জনসমাগম আরো বড় বিপদ ডেকে আনতে পারে। আমাদের বাংলা নববর্ষের উৎসবে এ বছর জনসমাগম হয় তেমন কিছু করা উচিত হবে না। তবে ডিজিটাল ব্যবস্থায় অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে।
তিনি আরও বলেন, ‘কষ্ট বেশি লাগছে এটা ঠিক নববর্ষ অনুষ্ঠান আমরা শুরু করেছিলাম অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে। কিন্তু সেটাও আজকে বন্ধ রাখতে হচ্ছে। মানুষের কল্যাণের কথা চিন্তা করে এটা বন্ধ রাখছি।’
বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকরা (ডিসি) ছাড়াও ভিডিও কনফারেন্সে জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় এ কনফারেন্সে যুক্ত ছিলেন বলে জানা গেছে।