Monday, 28 September 2026 Breaking News
ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত

ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত

10 September 2025 · বাংলাদেশ

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের জ্বালানি তেল সরবরাহের ঠিকাদারি কাজে উৎকোচ লেনদেনের অভিযোগে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) নৌ পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিআইডব্লিউটিএর নৌ সংরক্ষণ এবং পরিচালন বিভাগের জ্বালানি তেলের ঠিকাদারি কাজ দেওয়ার বিনিময়ে উৎকোচ লেনদেনসংক্রান্ত একটি ঘটনা নৌ পরিবহন মন্ত্রণালয়ের নজরে এসেছে। এর প্রেক্ষিতে, নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেনের নির্দেশে বিআইডব্লিউটিএর নৌ সংরক্ষণ এবং পরিচালন বিভাগের অতিরিক্ত পরিচালক (মেরিন) মো. আব্দুর রহিম এবং উপপরিচালক মো. ওবায়দুল করিম খানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ওই ঘটনা তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের জন্য কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং জড়িত অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।