Monday, 28 September 2026 Breaking News
গত ২৪ ঘন্টায় করোনায় সর্বোচ্চ শনাক্ত ১৩৯, মৃত্যু ৪

গত ২৪ ঘন্টায় করোনায় সর্বোচ্চ শনাক্ত ১৩৯, মৃত্যু ৪

12 April 2020 · বাংলাদেশ

করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৩৯ জন, মৃত্যু হয়েছে আরও চার জনের। আর সুস্থ হয়েছেন তিন জন। এ সময় জানানো হয়, সংক্রমিত রোগীর প্রায় ৫০ ভাগই ঢাকা শহরে। ঢাকা শহরের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য জেলায় রয়েছে শতকরা ৩৫ ভাগ এবং চট্টগ্রাম বিভাগে শতকরা ৬ ভাগ। রবিবার (১২ এপ্রিল) দুপুরে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে স্বাস্থ্য অধিদফতরের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এই তথ্য জানান। এ সময় তিনি বলেন, করোনায় মোট শনাক্তের সংখ্যা ৬২১ জন। আর করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৩৪। গত ২৪ ঘণ্টায় যে চার জনের মৃত্যু হয়েছে তাদের দুই জনের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে, ৬০ বছর বয়সের মধ্যে একজন এবং ৭০ থেকে ৮০ বছর বয়সের মধ্যে একজন রয়েছেন। এর মধ্যে দুজন ঢাকায় মারা গিয়েছেন। ঢাকার বাইরে মারা গেছেন বাকি দুই জন। নতুন শনাক্তদের বিষয়ে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১৩৯ জনের মধ্যে ৯৬ জন পুরুষ এবং ৪৩ জন নারী। এর মধ্যে বেশিরভাগই ঢাকার অধিবাসী। ঢাকায় রয়েছে ৬২ জন এবং ঢাকার বাইরে অন্যান্য এলাকায় বাকিরা অবস্থান করছেন। নতুন জেলা হিসেবে করোনা শনাক্ত হয়েছে লক্ষ্মীপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও এবং ঝালকাঠি। সুস্থদের নিয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েসেন তিন জন । এখন পর্যন্ত মোট ৩৯ জন সুস্থ হলেন। এদের মধ্যে দুই জন নারী এবং একজন পুরুষ। সুস্থ হয়েছেন এক চিকিৎসকও। এই চিকিৎসক একজন রোগীকে সেবা দেওয়ার সময় আক্রান্ত হয়েছিলেন। ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তহমিনা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৪০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যা গতকালের তুলনায় ৩৮৬টি বেশি।