Sunday, 27 September 2026 Breaking News
গণমাধ্যম কর্মী কোপানোর ঘটনায় ‍দুদিনেও গ্রেফতার নেই

গণমাধ্যম কর্মী কোপানোর ঘটনায় ‍দুদিনেও গ্রেফতার নেই

9 May 2025 · বাংলাদেশ

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : দুদিন পেরিয়ে গেলেও সরাইলের গণমাধ্যম কর্মী কোপানোর ঘটনায় ডাকাত সর্দার ইদ্রিস ও তার দলকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সরাইল থানার ওসি রফিকুল হাসান শুক্রবার (০৯ মে) নিউজ নাউ বাংলাকে জানিয়েছেন, ঘটনার পর থেকেই ডাকাত সর্দার ইদ্রিস ও তার সাঙ্গপাঙ্গদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। তাদের ধরতে গোয়েন্দা তৎপরতাও অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

গেল ৭ মে দিবাগত রাতে ডাকাত সর্দার ইদ্রিসের নেতৃত্বে আবদুর রহিম নামে এক গণমাধ্যম কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করে ডাকাতরা। তিনি বর্তমানে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।

ধর্মতীর্থ গ্রামের বাসিন্দা আবদুর রহিম একজন ক্ষুদ্র ব্যবসায়ী। পাশাপাশি তিনি অনলাইন গণমাধ্যম ‘পুবের আলো’র স্টাফ হিসেবে কর্মরত আছেন। সরাইলের কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ গ্রামে গ্রামবাসীদের নিয়ে চোর, ডাকাতি প্রতিরোধের উদ্যোগ নিয়েছেন তিনি। এর জেরেই তার উপর হামলা হয়েছে।

জানা গেছে, ডাকাত সর্দার ইদ্রিস ও তার সাঙ্গপাঙ্গরা এলাকায় ত্রাসের রাজত্ব চালিয়ে যাচ্ছে। ইদ্রিসের ভয়ে এলাকার চেয়ারম্যান-মেম্বার সহ মাতব্বরা পর্যন্ত কথা বলেন না।

একপর্যায়ে ভুক্তভোগী গ্রামবাসী ডাকাত ইদ্রিস ও তার সহযোগীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ নিলে সে বিভিন্ন লোককে হত্যার হুমকি দেয়। দীর্ঘদিন ধরে ডাকাত সর্দার ইদ্রিস ও তার সহযোগীদের গ্রেফতারের দাবি জানিয়েছে আসছে গ্রামবাসী।

নিউজ নাউ বাংলা/ ০৯ মে ২০২৫/ জেডআরসি