Monday, 28 September 2026 Breaking News
করোনা সংকটে বাংলাদেশের পাশে থাকবে চীন

করোনা সংকটে বাংলাদেশের পাশে থাকবে চীন

22 April 2020 · বাংলাদেশ

করোনা সংকট মোকাবিলায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণের পাশে থাকবে চীন। বুধবার (২২ এপ্রিল) বেইজিং থেকে পাঠানো এক লিখিত বার্তায় চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি এ কথা জানায়। আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। লিখিত বার্তায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগ জানায়, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণ করোনাভাইরাস মোকাবিলার সংকটময় দিনগুলোতে চীনের জনগণকে বিভিন্নভাবে সর্বাত্মক সহায়তা প্রদান করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহমর্মিতা ও সংহতি জানিয়ে চীনের রাষ্ট্রপতি শি জিং পিং বরাবর চিঠি পাঠিয়েছিলেন। চীনের জনগণ সংকটকালীন সময়ে শেখ হাসিনার মহানুভবতাকে সারাজীবন স্মরণ রাখবে। লিখিত বার্তায়, রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের সত্যিকারের বন্ধুত্ব সাহসিকতার সঙ্গে দুর্ভোগ-দুর্দশার পর্বত ও সাগর পাড়ি দেয়, এই উদ্ধৃতি তুলে ধরে চীনা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বলা হয়, চীনের সংকটকালে বাংলাদেশ যেভাবে চীনের পাশে দাঁড়িয়েছিল, ঠিক একইভাবে চীন সরকার বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা প্রদান করবে এবং বাংলাদেশের পাশে থাকবে। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশের জনগণ শেখ হাসিনার নেতৃত্বে অতি দ্রুত সময়ের মধ্যে মহামারি করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সক্ষম হবে।