করোনাভাইরাসে দেশে নতুন মৃত্যু নেই, আক্রান্ত আরো ২: আইইডিসিআর
করোনা ভাইরাসে দেশে পাওয়া যায়নি নতুন করে কোন মৃত্যুর খবর। মৃৃত্যুুর সংখ্যা ৬। তবে নতুন করে আরো ২ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমন সনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৬ জনে। নতুন করে আক্রান্ত দুজনই পুরুষ। তাদের একজনের বয়স ৩০ থেকে ৪০ ও অপর জনের বয়স ৭০ থেকে ৮০ বছর। তবে তারা কোথা থেকে কিংবা কার সংস্পরশ সংক্রমিত হয়েছেন সেই উৎস পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমইএস) হাবিবুর রহমান। এ সময় তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ১৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ২ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি সনাক্ত হয়েছে। নতুন করে ৫ জনসহ মোট ৭৮ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছে।
তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, আজকের মধ্যে দেশের প্রত্যেক উপজেলা থেকে অন্তত ২ জনের নমুনা সংগ্রহ করা হবে। আগামী ২৪ ঘণ্টায় ১০০০ নমুনা পরীক্ষা করা হবে বলেও জানান তিনি।
আইডিসিআরের হিসাব অনুযায়ী, দেশে কোয়ারেন্টাইনে এখন রয়েছে ৬২ হাজার লোক। কিন্তু গেল কিছুদিনে বিদেশে থেকেই ফিরেছে প্রায় ৩-৪ লক্ষ প্রবাসী বাংলাদেশি। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. হাবিবুর রহমান বলেন, সবাই কোয়ারেন্টাইনে থাকবে এমন নিয়ম নেই। যারা আগে দেশে এসেছে তাদের কোয়ারেন্টাইন শেষ হয়েছে। কোয়ারেন্টাইন তো ১৪ দিন। সবাইকে একসঙ্গে কোয়ারেন্টাইনে থাকতে হবে এমন কোনও নিয়ম নেই। তাই এখন সেই সংখ্যাটা কমছে বলেও জানান, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমইএস) হাবিবুর রহমান।