Monday, 28 September 2026 Breaking News
করিডোর ও বন্দর বিষয়ে অন্তর্বর্তী সরকার ডিসিশনে যেতে পারে না: আমীর খসরু

করিডোর ও বন্দর বিষয়ে অন্তর্বর্তী সরকার ডিসিশনে যেতে পারে না: আমীর খসরু

19 May 2025 · বাংলাদেশ

বাংলাদেশের ওপর দিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যের জন্য ‘মানবিক করিডোর’ এবং চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া কোনো অরাজনৈতিক বা অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (১৯ মে) রাজধানীর লেকশোর হোটেলে বাজেট সংক্রান্ত এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। সিপিডি ও এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম এ বৈঠক আয়োজন করে।   অন্তর্বর্তী সরকারের কার্যপরিধির প্রতি ইঙ্গিত করে এ সরকারের উদ্দেশে আমীর খসরু বলেন, এখন মানবিক করিডোরের কথা বলছেন। এটি সেনসেটিভ ইস্যু, বাংলাদেশের সিকিউরিটির প্রশ্ন। জিও স্ট্যাটিজিক ডিসিশন। আপনারা তো এই ডিসিশনের দিকে যেতে পারেন না। তিনি বলেন, চট্টগ্রাম বন্দর নিয়ে ডিসিশনে যাচ্ছেন। একটা নন-পলিটিক্যাল গভর্নমেন্ট, একটা ইন্টেরিম গভর্নমেন্টের কি এসব সিদ্ধান্তে যাওয়ার দরকার আছে? বিএনপির এ নেতা আরও বলেন, একটা ডেমোক্রেটিভ সিদ্ধান্তের জন্য মানুষ জীবন দিয়েছে। দেশের মালিকানা ফেরানোর জন্য মানুষ জীবন দিয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেই আলোচনা বাদ দিয়ে বাকি সবকিছু আমরা করছি। এসবের মাধ্যমে আপনারা (অন্তর্বর্তী সরকার) কী প্রমাণ করতে চাচ্ছেন?