Monday, 28 September 2026 Breaking News
এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

26 April 2025 · বাংলাদেশ

এখন থেকে এমপিওভুক্ত বেসরকারি কর্মচারীদের সমান ৫০ শতাংশ উৎসব ভাতা পাবে বেসরকারি শিক্ষকরা। শনিবার (২৬ এপ্রিল) ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২৫ শতাংশ হারে ঈদ বোনাস পেয়ে থাকেন। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহার বোনাস ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার সিদ্ধান্ত নিলো অন্তর্বর্তীকালীন সরকার।’
প্রসঙ্গত, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা উৎসব ভাতা পান বেতনের ২৫ শতাংশ। আর শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীরা উৎসব ভাতা পান ৫০ শতাংশ। ২০০৪ সালের ২২ জানুয়ারির অফিস আদেশে শিক্ষকরা এই বৈষম্যের শিকার হন। কিন্তু দীর্ঘ দিনেও এই বৈষম্য দূর হয়নি।
২০২৪ সালের ২৯ জানুয়ারি ‘স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদ’র এক সভায় বিগত সরকারের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেল বৈষম্য দূর করে শিক্ষক-কর্মচারী সবার উৎসব ভাতা বাড়োনোর কথা জানিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি।