জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনে বিএনপির দ্বিমত আছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এনসিসি'র মতো একটি সংস্থা, যার ক্ষমতা ও দায়িত্ব আছে, কিন্তু জবাবদিহিতা নেই- এমন একটি প্রতিষ্ঠানকে গণতান্ত্রিক দল হিসেবে আমরা সমর্থন করতে পারি না।
এনসিসিকে আমরা সমর্থন করতে পারি না: সালাহউদ্দিন আহমদ
ঢাকা: ভারসাম্যপূর্ণ রাষ্ট্রকাঠামো গড়ে তোলার লক্ষে বর্তমানে প্রচলিত আইনগুলো সংশোধন করে আরও শক্তিশালী করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১৮ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের তৃতীয় বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, এনসিসির মতো একটি কর্তৃপক্ষকে যেসব কার্যক্রম ও দায়িত্ব দেওয়া হয়েছে, সেগুলো সাধারণত নির্বাহী বিভাগ, আইন বা সাংবিধানিক বিভিন্ন বিধানের মাধ্যমে নির্ধারিত হয়। এ ফাংশনগুলোকে আলাদা করে যদি আরেকটা প্রতিষ্ঠান তৈরি করা হয়, তাহলে ভারসাম্যহীনতা সৃষ্টি হবে। ফলে আমরা এটা সমর্থন করি না।
এছাড়া বুধবার কমিশনের আলোচ্য বিষয়ের মধ্যে রাষ্টপতি নির্বাচনের প্রক্রিয়াও প্রাধান্য পেয়েছিল। এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এ নেতা বলেন, "আমরা বলেছি, বর্তমান সংসদ সদস্যদের মাধ্যমে এবং উচ্চকক্ষ গঠিত হলে সেখানকার সদস্যদের মাধ্যমেই রাষ্ট্রপতি নির্বাচন হওয়া উচিত। ইউনিয়ন পর্যায় থেকে সংসদ সদস্য পর্যন্ত প্রায় ৭০ হাজার ভোট থাকবে, এমন একটি পরিস্থিতিতে এখন নতুন কোনো পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন নেই বলে তিনি মন্তব্য করেন।