Monday, 28 September 2026 Breaking News
একদিনে সর্বোচ্চ মৃত্যু ৬, নতুন ৯৪ সহ মোট আক্রান্ত ৪২৪ জন

একদিনে সর্বোচ্চ মৃত্যু ৬, নতুন ৯৪ সহ মোট আক্রান্ত ৪২৪ জন

10 April 2020 · বাংলাদেশ

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ছয় জনের মৃত্যু হয়েছে। যা এখন পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ২৭। নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৪ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪২৪ জন। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এই তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় যে ছয় জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পাঁচ জন পুরুষ এবং একজন নারী। তাদের মধ্যে ৩০ থেকে ৪০ বছর বয়সের মধ্যে আছেন দুই জন, ৫০ থেকে ৬০ বছরের মধ্যে আছেন দুই জন, ৭০ থেকে ৮০ বছরে মধ্যে একজন এবং আরেকজনের বয়স ৯০ বছর। এদের মধ্যে তিন জন ঢাকার, দুই জন নারায়ণগঞ্জের এবং একজন পটুয়াখালীর। নতুন শনাক্তদের মধ্যে বিষয়ে তিনি জানান, নতুন করে আক্রান্ত ৯৪ জনের মধ্যে ৬৯ জন পুরুষ এবং ২৫ জন নারী। আর ৯৪ জনের মধ্যে ১০ বছরের নিচে চার জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে ছয় জন, ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে ১২ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে ২৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৪ জন রয়েছেন। এলাকা ভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ঢাকা শহরের মধ্যে আছেন ৩৭ জন, নারায়ণগঞ্জে ১৬ জন। এছাড়া ঢাকা শহরের মধ্যে সর্বোচ্চ যাত্রাবাড়িতে আছেন পাঁচ জন। এই সময় যুক্ত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তহমিনা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৯৭টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ১ হাজার ১৮৪টি। আগের দিনের তুলনায় ৩১ শতাংশ বেশি।