Monday, 28 September 2026 Breaking News
উপনির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান; নতুন ভোটের দাবি বিএনপি প্রার্থীর

উপনির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান; নতুন ভোটের দাবি বিএনপি প্রার্থীর

21 March 2020 · বাংলাদেশ

ঢাকা-১০ সংসদীয় আসনের উপনির্বাচনের ফলাফল প্রত্যাখান করেছে বিএনপি। নির্বাচনী ব্যবস্থা সংস্কার নতুন ভোটের দাবি জানিয়েছেন মনোনীত ধানের শীষের প্রার্থী রবিউল আলম রবি। শনিবার (২১ মার্চ) ভোটগ্রহণ শেষে রাজধানীর বাংলামোটরের প্রধান নির্বাচনী কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রবিউল আলম রবি বলেছেন, “আওয়ামী লীগের নেতাকর্মীদের আধিপত্য বিস্তার, দখল ও কেন্দ্রে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির কারণে মানুষ ভোট বিমুখ হয়েছে। যে নির্বাচনে মানুষ ভোট দিতে পারলো না সে নির্বাচনে আমার দল বিএনপি এবং আমি বর্জন করছি। ফলাফল প্রত্যাখ্যান করে নতুন নির্বাচনের দাবি জানাচ্ছি।” সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রবিউল আলম বলেন, যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারলো না সেখানে আমাকে বিজয়ী করা হবে একটা নাটক। জনগণ যেখানে ভোট দেওয়ার সুযোগ পায়নি আমি সে ফলাফলও প্রত্যাখ্যান করবো। নির্বাচনকে ঘিরে বিএনপি কোনো কর্মসূচিতে যাবে কি না– এমন প্রশ্নে তিনি বলেন, বিএনপি আন্দোলন-কর্মসূচির মধ্যেই রয়েছে। আমরা ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই করছি। জনগণ যাতে কেন্দ্রে এসে ভোট দেয় সে বিষয়ে তাদের সচেতন করার চেষ্টা করছি। নির্বাচনে ৩৬টি কেন্দ্র পরিদর্শন করেছেন এমন তথ্য দিয়ে রবিউল আলম বলেন, “আমি বেলা সাড়ে ৩টা পর্যন্ত কেন্দ্রগুলো ঘুরেছি। কোনো কোনো কেন্দ্রে ১০ থেকে ১৩ ভোট কাস্টিং হতে দেখেছি। ভোটার উপস্থিতি ভয়ঙ্কর রকমের খারাপ।কোনো কোনো কেন্দ্রের আশপাশে ৪ থেকে ৫০০ লোক দেখেছি তারা যদি ভোটার হতো তাহলে তো তারা ভোট দিত। খোঁজ নিয়ে জেনেছি তাদেও সবাই বহিরাগত। আওয়ামী লীগ প্রার্থী তাদেও বাহির থেকে কেন্দ্র দখল করতে এনেছে। অনেক কেন্দ্রে দেখেছি ৫ জন করে নৌকার এজেন্ট দেখেছি। কিন্তু ওই কেন্দ্রে কোনো ভোট পড়েনি। তাদের সবাইকে বাহির থেকে এনে এজেন্ট দেয়া হয়েছে বলেও এসময় অভিযোগ করেন তিনি।” জনগণের উদ্দেশ্যে সংবাদ সম্মেলনে রবি বলেন, আপনাদেও ভোটাধিকার রক্ষায় বিএনপি আন্দোলন করছে। সে দলের প্রার্থী হিসেবে আমিও সংগ্রাম করছি। আপনারা বিএনপির সঙ্গে থাকুন।