Sunday, 27 September 2026 Breaking News
ইতু সোমের কণ্ঠে ‌‘দয়াল তোমার মনের ঘরে’

ইতু সোমের কণ্ঠে ‌‘দয়াল তোমার মনের ঘরে’

11 May 2026 · স্পোর্টেইনমেন্ট

➤ দীর্ঘ বিরতির পর এবার নতুন গান নিয়ে দর্শক-শ্রোতাদের প্রাণ জুড়াতে আসছে তরুণ মেধাবী সংগীতশিল্পী ইতু সোমের নতুন গান ‘দয়াল তোমার মনের ঘরে’। হৃদয় ছোঁয়া এই মৌলিক গানটির কথা, সুর ও কণ্ঠ শিল্পীর নিজেরই।

সংগীতশিল্পী নিজস্ব ইউটিউব চ্যানেল ‘ইতু সোম’-এ সম্প্রতি গানটি রিলিজ হয়েছে। নতুন এ গানটির জন্য পরিচিত মহলে এবং অনলাইন-অফলাইনে শুভাকাঙ্খীদের প্রচুর প্রশংসা কুড়িয়েছেন তিনি।

বর্তমানে বেশ কিছু নতুন গানের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী। ইতু সোম জানিয়েছেন,দর্শকদের ভালোবাসা ও অনুপ্রেরণা নিয়েই এগিয়ে যেতে চান সংগীত অঙ্গনে। ভালো ভালো গান উপহার দিতে চান।

গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী ইতু সোম বলেন, গান গেয়ে ছোটবেলা থেকেই বন্ধু, সহপাঠী, আত্মীয়-স্বজন ও শিক্ষকদের উৎসাহ পেয়ে আসছি। সবার অনুপ্রেরণায় এবার দর্শকদের ভালোবাসা পেতে ভালো কিছু গান উপহার দিতে চাই। গান দিয়েই আমৃত্যু মানুষের হৃদয়ে জায়গা করে নিতে কাজ করে যাচ্ছি।

খুব শিগগিরই এই প্রতিভাবান কণ্ঠশিল্পীর ‘মন কান্দে প্রাণ কান্দে’ শিরোনামে আরও একটি গান রিলিজের অপেক্ষায় রয়েছে। সম্প্রতি গানটির রেকর্ডিং ও শুটিং সম্পন্ন হয়েছে। ইতু সোম তার গানের মাধ্যমেই বহুকাল বেঁচে থাকতে চান।

এর আগে, ২০২৫ সালের ঈদুল ফিতরে নিজের লেখা, সুর ও কণ্ঠে এবং এসকে প্রকাশের সংগীতায়োজনে ‘নয়ন জুড়াই’ শিরোনামের এই গানচিত্রটি প্রকাশ হয়েছিল ইতু সোমের। গানটি নির্মাণ করেছিলেন গীতিকার ও সুরকার রনক রায়হান।

ইতু সোম। এই সময়ের তরুণ উদীয়মান শিল্পী। গানের হাতেখড়ি চার বছর বয়সেই। তার মা, বড় বোন ও মেজো বোন গান করতেন। তাদের উৎসাহেই গানের পথচলা। স্কুল-কলেজ কিংবা পাড়া-মহল্লার বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অর্জন করেছেন নানান পুরস্কার।

দ্বিতীয় শ্রেণিতে পড়াকালিন তিনি কবিতা লিখতে শুরু করেন। প্রায় ২৫০টি কবিতা লিখেছেন তিনি। কলেজ ম্যাগাজিন, পত্রিকা ও ম্যাগাজিনে কবিতা ছাপা হয়েছে তার।

ইতু মাস্টার্স সম্পন্ন করেছেন বরিশাল বিএম কলেজ থেকে। বরিশাল ‘ল’ কলেজ থেকে সম্পন্ন করেছেন এলএলবি। বরিশালের জজ কোর্ট কম্পাউন্ডে অবস্থিত বাংলাদেশ লিগ্যাল এইডে কর্মরত ছিলেন ৯ বছর। ছাত্রজীবনে ক্রিকেট খেলেছেন ৬ বছর। শিক্ষকতা করেছেন প্রায় ১৫ বছর।

গান লেখার অভ্যাসটি ছাত্রজীবন থেকেই। এ পর্যন্ত ২০০টির অধিক গান লিখেছেন তিনি। আইন পেশার পাশাপাশি নিয়মিত নিজেকে ব্যস্ত রেখেছেন সংগীত জগতে। সংগঠনে জড়িত ছিলেন ১৫ বছর। বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে মাতিয়েছেন দর্শক-শ্রোতাদের।

২০১৮ সালে ‘ইতু সোম’ ইউটিউব চ্যানেল খুলে সেখানে নিজের গান প্রকাশ করছেন। পাশাপাশি নিজের ফেসবুকেও গান আপলোড করেন। খালি কণ্ঠে কিংবদন্তী শিল্পী মনি কিশোর-এর ‘কি ছিলে আমার’ ফেসবুকে ও ইউটিউবে প্রকাশ করে মানুষের নজর কাড়েন। এটি দিয়েই অনেক সংগীত পরিচালকের ডাক পান।

প্রথমদিকে বরিশালের বিভিন্ন স্টুডিওতে গান রেকর্ড করতেন। একপর্যায়ে ঢাকায়ও গানের ভয়েস দেন। এ পর্যন্ত ১০-১২টি স্টুডিওতে নিজের গানের রেকর্ড করিয়েছেন তিনি।

ইতু সোমের লেখা মৌলিক গানের প্রথম মিউজিক ভিডিও ‘বন্ধুর লাগি’ রিলিজ হয় ২০১৮ সালে। মিতু মোর্শেদের পরিচালনায় ‘এম রেফারেন্স টিভি’ নামে ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় গানটি।

★★ ইতু সোমের নতুন গান ‘নয়ন জুড়াই’

এরপর ধীরে ধীরে তার বেশ কিছু গান ‘ইতু সোম’ ইউটিউব চ্যানেলের পাশাপাশি অন্য ইউটিউব চ্যানেলে রিলিজ হয়। ইতু সোমের মুক্তিপ্রাপ্ত গানগুলো হচ্ছে, ‘জানি মরণের পরেও’, ‘না পারি কইতে’, ‘একটা প্রেমিক যদি পাইতাম’, ‘আমি প্রেম কি জানিনা’, ‘ভালোবাসার জন্য আমি’, ‘আঁধো আলো ছায়াতে’, ‘মনেরই রঙে রাঙাবো তোমায়’, ‘জন্ম থেকে জ্বলছি’, ‘আদরের ময়না’, ‘কথা কইও না’ ইত্যাদি।

নিউজ নাউ বাংলা/ এফওয়াই/ জেডআরসি/ ১১ মে ২০২৬