যে কোন ত্যাগ স্বীকারে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার মর্যাদা ও বাধারবাহিক উন্নয়নে ভুমিকা রাখারও আহবান জানান তিনি। বলেন, অভিজ্ঞতার আদান-প্রদান সম্পর্কের দিগন্তকে প্রসারিত করে। প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীকে পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মেলাতে একটি আধুনিক, পেশাদার ও সুদক্ষ বাহিনীতে পরিণত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। পবিত্র সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত দেশের সাহসী সন্তান সশস্ত্রবাহিনীর সদস্যরা। মহান মুক্তিযুদ্ধে তাদের আত্মত্যাগ সৃষ্টি করেছে ইতিহাস। ১৯৭৪ সালে বঙ্গবন্ধু প্রণীত প্রতিরক্ষা নীতির আলোকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অফিসারদের উচ্চতর প্রশিক্ষণে ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ প্রতিষ্ঠিত হয় ১৯৯৮ সালে। এর পর থেকে এ পর্যন্ত ৩ বাহিনী থেকে গ্রাজুয়েট সম্মান পেয়েছেন ১১৬ টি কোর্সের কর্মকর্তারা। এ বছর সশস্ত্র বাহিনী, বেসামরিক প্রশাসন ও এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের ১৬ দেশের সামরিক কর্মকর্তা সহ ৮৫ জনকে গ্রাজুয়েশন সম্মাননা প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনীর গ্রাজুয়েট ৩৮ কর্মকর্তাকে প্রদান করেন সম্মাননাপত্র। অভিজ্ঞতার আদানপ্রদান বিশ্বময় যে সম্পর্ক স্থাপন করবে তা দেশের কল্যাণে কাজে লাগবে বলে বক্তব্যে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। দেশপ্রেম ও আত্মত্যাগের মনোভাব নিয়ে দেশসেবায় নিজেদের তৈরি করতে সশস্ত্রবাহিনীর সদস্যদেও প্রতি আহবান জানান শেখ হাসিনা। শেখ হাসিনা বলেন, ‘দেশের জন্য যখন যেটা প্রয়োজন সে ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন এবং সেই পদক্ষেপ নিচ্ছি। কারণ, আমরা একটা পেশাদার ও প্রশিক্ষিত সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চাই।’ তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে শান্তিরক্ষা মিশনে আমাদের সশস্ত্র বাহিনী যাচ্ছে এবং সেক্ষেত্রেও আমাদের অভিজ্ঞতা সঞ্চয় হচ্ছে। আবার শান্তিরক্ষা মিশনে গিয়ে আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে যেন আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা চলতে পারে, যুদ্ধ সরঞ্জামের সঙ্গে যেন তাদের পরিচিতি থাকে এবং তারা যেন যেকোনও ক্ষেত্রে ভূমিকা পালনে কোনও ধরনের দ্বিধাগ্রস্ত না হন সেজন্য প্রশিক্ষণ এবং আধুনিক যুদ্ধাস্ত্রের বিষয়ে আমরা সচেতন।’ যতদূর সম্ভব সীমিত সম্পদের মধ্যেও সরকার তার জোগান দিয়ে যাচ্ছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি সবসময় এটা মনে করি প্রশিক্ষণ, গবেষণা ও দেশপ্রেম, মানুষের প্রতি দায়িত্ব ও কর্তব্যবোধ এবং মানুষের প্রতি ভালোবাসা—প্রতিটি মানুষের মাঝেই এ চিন্তাটা থাকা উচিত। দেশমাতৃকার জন্য যেকোনও ত্যাগ স্বীকারেই আপনারা সশস্ত্র বাহিনীর সদস্যরা এখানে এসেছেন।’ শুভ বার্তাবাহক অভিহিত করে বিদেশি প্রশিক্ষনার্থীদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।