‘গা-ছাড়া ভাবে’ করোনা যাবে নিয়ন্ত্রণের বাইরে, শঙ্কা কাদেরের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শঙ্কা প্রকাশ করেছেন, করোনা তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে থাকলেও সচেতনতার দিক থেকে ‘গা-ছাড়া ভাব’র কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত চিকিৎসকদের মাঝে চিকিৎসাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এমন শঙ্কা প্রকাশ করেন।
ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।
বিএনপি নেত্রীর চিকিৎসার দিক বিবেচনা করে এর আগেও জামিন দেয়া হয়েছিল- উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘করোনা পরিস্থিতিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি চিন্তা করে সরকার আবারও মানবিক বিবেচনায় তার সাজা স্থগিতের মেয়াদ বাড়িয়েছে।’
সেতুমন্ত্রী বলেন, ‘করোনা ও বন্যা পরিস্থিতিতে এ পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে ১ কোটি ২৫ লাখেরও বেশি পরিবারকে খাদ্যসামগ্রী ও ত্রাণ দেয়া হয়েছে। ১১ কোটি টাকারও বেশি নগদ সহায়তা প্রদান করা হয়েছে।’
দিনাজপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, ‘অপরাধী যেই হোক, আইনের আওতায় আনা হবে। ইউএনও’র সুচিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার।’



