রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে ন্যাপের ৭ দাবি

নির্বাচন কমিশন গঠনের বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিয়ে ৭ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)। রবিবার বিকেলে বঙ্গভবনে মো. রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে ন্যাপ’র ৭ সদস্যের একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেন।
নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব করে ন্যাপের ৭ দফা দাবিগুলো হলো:
১. পবিত্ৰ সংবিধানকে যথাযথ অনুসরন করা প্রয়োজন। সংবিধানের ১১৮ অনুচ্ছেদে একটি আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের নির্দেশনা দেওয়া আছে। নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন ও কার্যকরভাবে গড়ে তুলতে আমরা সংবিধান অনুযায়ী আইন করার জোর দাবি জানাচ্ছি।
২. নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে যোগ্য, দক্ষ, নির্মোহ, সৎ ও অনগনের আকাঙ্খার প্রতি শ্রদ্ধাশীল এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের নিয়োগ দিতে হবে।
৩. নির্বাচনে পবিত্র ধর্মের অপব্যবহারকারী, যখেছে টাকা ও অস্ত্র এবং পেশীশক্তি ব্যবহারকারীদের তাৎক্ষনিক গ্রেফতার ও শান্তিদানের ব্যবস্থা নিতে হবে।
৪. নির্বাচনে মন্ত্রী এমপিদের অযাচিত হস্তক্ষেপ ও প্রচারণায় অংশগ্রহণ বন্ধ করতে হবে। নির্বাচন কালীন মামলাসমূহের দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নিতে হবে।
৫. নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন ও অধিকতর শক্তিশালী করতে অঙ্গীকারাবদ্ধ থাকতে হবে। কমিশনকে নির্বাচনকালীন প্রশাসনিক কর্মকর্তাদের রদবদল প্রয়োজনে শান্তি প্রদানের ক্ষমতা ও সাংবিধানিক আইন প্রয়োগের নিশ্চয়তা দিতে হবে।
৬. নির্বাচন কমিশনের কৃতকর্ম ও ব্যর্থতার জন্য জবাবদিহিমূলক ব্যবস্থা থাকতে হবে।
৭. স্বাধীনতার চেতনাবিরোধী ব্যক্তি ও রাজনৈতিক দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে।
এছাড়াও ন্যাপের নেতারা রাষ্ট্রপতি আবদুল হামিদকে বলেন, বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুসারে প্রধানমন্ত্রী নিয়োগ এবং ৯৫ অনুচ্ছেদের (১) দফা অনুসারে প্রধান বিচারপতি নিয়োগ ব্যতিত রাষ্ট্রপতি তাঁহার অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য করিবেন উল্লেখ থাকলেও প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের যে পবিত্র দায়িত্ব আপনার উপর হস্তান্তর করা হয়েছে তার যথাযথ প্রয়োগ করে আপনি দেশবাসীর প্রত্যাশা পূরণে সক্ষম হবেন। আমরা আশা করবো, রাজনৈতিক দলগুলোর মতভেদ থাকা স্বত্ত্বেও নতুন নির্বাচন কমিশন নিয়োগদানে আপনি দল নিরপেক্ষ, সৎ, দক্ষ ও দায়িত্বশীল ব্যক্তিদের মনোনীত করবেন।



