বরিস জনসন পদত্যাগ করলেন

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তার নিজ দল কনজারভেটিভ পার্টির প্রধান নেতার পদ থেকে পদত্যাগ করেছেন। খবর: বিবিসির।
প্রধানমন্ত্রীর সরকারি দপ্তরে পদত্যাগ করার আনুষ্ঠানিক ঘোষণা দেন বরিস।
তবে কনজারভেটিভ পার্টির নতুন নেতা নির্বাচনের আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে যাবেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি কনজারভেটিভ পার্টির ১৯২২ কমিটির প্রধান স্যার গ্রাহাম ব্র্যাডির সঙ্গে কথা বলেছেন। তাকে তিনি বলেছেন, নতুন নেতা খোঁজার প্রক্রিয়া এখনই শুরু করা উচিত এবং আগামী সপ্তাহে এ নিয়ে কাজ করার দিন তারিখ ঠিক করা হবে।
তাছাড়া যেসব মন্ত্রী পদত্যাগ করেছেন সেসব মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী নিয়োগ করার কথাও জানিয়েছেন বরিস জনসন।
দলের ভেতরে বিদ্রোহ একের পর এক মন্ত্রী ও আইনপ্রণেতার পদত্যাগের মধ্যে অনিবার্য পরিণতি মেনে নিয়ে শেষ পর্যন্ত দলীয় নেতৃত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
এদিকে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দলে বিদ্রোহীদের পাশাপাশি নতুন নিয়োগ পাওয়া মন্ত্রীরাও জনসনকে ছেড়ে যাওয়ার ইঙ্গিত দিলে তার সরকার অনেকটাই অকার্যকর হয়ে পড়ে। এ পরিস্থিতিতে পদত্যাগ ছাড়া অন্য কোনো পথ জনসনের জন্য খোলা ছিল না।



