যেকোনো বিশৃঙ্খলা মোকাবিলায় র্যাব প্রস্তুত: র্যাব মহাপরিচালক

র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, পহেলা বৈশাখের অনুষ্ঠানকে ঘিরে যে কোনো বিশৃঙ্খলা মোকাবেলায় সারাদেশে র্যাব প্রস্তুত রয়েছে।
বুধবার (১৩ এপ্রিল) দুপুরে বাংলা নববর্ষ ১৪২৯ বরণ উপলক্ষে রমনা বটমূলে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে তিনি এ কথা জানান। এসময় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন চৌধুরী ও লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন উপস্থিত ছিলেন।
এ সময় তিনি আরো বলেন, বাংলা নববর্ষ পহেলা বৈশাখের অনুষ্ঠানকে ঘিরে কোনো সুনির্দিষ্ট জঙ্গি হামলাসহ নাশকতার তথ্য নেই।
বাংলা নববর্ষকে ঘিরে রাজধানীসহ সারাদেশে কঠোর নজরদারি বৃদ্ধি ও সার্বিক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান র্যাবের মহাপরিচালক ।
ডিজি বলেন, গত দুই বছর আমরা পহেলা বৈশাখের অনুষ্ঠান করতে পারিনি। তবে এবার সীমিত পরিসরে আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানকে ঘিরে পুলিশ, র্যাবসহ গোয়েন্দা বাহিনী দিয়ে সম্মিলিতভাবে কাজ করছে।
সাধারণ মানুষের ইভটিজিংয়ের বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে র্যাব। কারণ প্রতিবার যেখানে গেদারিং হয় ওখানে নারীদেরকে হেনস্থা করার ঘটনা ঘটে। এজন্য ইভটিজিং রোধে র্যাবের মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
র্যাবের সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, আমরা পুরো এলাকা সাইবার পেট্রোলিং করছি। ২৪ ঘণ্টা তারা দায়িত্বে নিয়োজিত থেকে কাজ করছেন। তারা কোনো তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের জানান। অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী এবং সব গোয়েন্দা সংস্থার সাইবার টিম কাজ করছে।
তিনি জানান, বাংলা নববর্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব ঢাকাসহ সারা দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। আজ থেকে নববর্ষের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন থাকবে।
এছাড়া রাজধানীর রমনা বটমূল, ঢাকা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র সরোবর, শিল্পকলা একাডেমি, বিআইসিসি ভবন, নজরুল একাডেমি, উত্তরা মাঠসহ বিভিন্ন স্থানে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এসব এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া টিএসসি, শাহবাগ ও সোহরাওয়ার্দী উদ্যান এবং রমনা বটমূলকে আউটার অ্যান্ড ইনার পেরিমিটারে বিভক্ত করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত চেকপোস্ট, টহল ও অবজারভেশন পোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি রমনা বটমূল, টিএসসি ও চারুকলা ইনস্টিটিউটসহ গুরুত্বপূর্ণ স্থানে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দ্বারা সুইপিং শেষ করা হবে।



