বিশ্ব

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একজন স্বৈরশাসক : বাইডেন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একজন স্বৈরশাসক বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। [খবর বার্তা সংস্থা এএফপি।]

তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার সেনা পাঠানোর জন্য বিশ্ব তাকে একঘরে করেছে। রাশিয়ার বিরুদ্ধে আরও ধ্বংসাত্মক নিষেধাজ্ঞা দেওয়া হবে, যা তার অর্থনৈতিক শক্তি শুষে নেবে এবং সামরিক বাহিনীকেও দুর্বল করবে।

প্রেসিডেন্ট বাইডেন তার প্রথম স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে মঙ্গলবার মার্কিন কংগ্রেস সদস্যদের বলেন, যেকোনো সময়ের চেয়ে পুতিন এখন সবচেয়ে বেশি বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। বিশ্ব তাকে একঘরে করে রেখেছে। অর্থনৈতিক জরিমানা ও শাস্তির দিক থেকে কী অপেক্ষা করছে, সে সম্পর্কে তার কোনো ধারণাই নেই।

মস্কো ইউক্রেনে সামরিক অভিযান শুরুর এক সপ্তাহ পর মার্কিন প্রেসিডেন্ট বাইডেন রুশ প্রেসিডেন্ট পুতিনকে একজন ‘স্বৈরশাসক’ হিসেবে অভিহিত করেছেন।

বাইডেন বলেন, রাশিয়ার একজন স্বৈরশাসক আরেকটি দেশে হামলা চালাচ্ছে। যার মূল্য দিতে হচ্ছে গোটা বিশ্বকে। কিন্তু গণতন্ত্র ও স্বৈরতন্ত্রের লড়াইয়ে এ মুহূর্তে গণতন্ত্রেরই উত্থান ঘটছে এবং গোটা বিশ্ব স্পষ্টতই শান্তি ও নিরাপত্তার পক্ষ নিয়েছে।
তিনি হয়তো ভেবেছিলেন, পশ্চিমা বিশ্ব ও ন্যাটো (পশ্চিমা সামরিক জোট) (ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার) কোনো জবাব দেবে না। তিনি আমাদের বিভক্ত করতে পারবেন ভেবেছিলেন। কিন্তু পুতিন ভুল ছিলেন। আমরা এখন প্রস্তুত রয়েছি।’

স্থানীয় সময় মঙ্গলবার রাতে কংগ্রেসে দেওয়া ভাষণে বাইডেন স্পষ্ট করে জানান, ইউক্রেনে রাশিয়ার সেনাদের সঙ্গে মার্কিন সেনারা সংঘাতে জড়াতে যাবে না।

Related Articles

Leave a Reply

Back to top button