চাকরি পাচ্ছেন ভাতের বিনিময়ে পড়াতে চাওয়া সেই যুবক

চাকরি পাচ্ছেন ‘শুধু দু’বেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই’ বিজ্ঞাপন দেয়া সেই যুবক আলমগীর কবির।
বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্ত্তী।
তিনি জানান, আলমগীরের ওই বিজ্ঞাপনের সত্যতা যাচাই করার জন্য তাকে ডেকে পাঠানো হয়েছিল। কথা বলে জেনেছি, তার পারিবারিক অবস্থা এবং মাস্টার্স পাশ করার পরেও এখনও চাকরি পায়নি। কর্মহীনতার কারণে এবং পারিবারিক সমস্যার কারণে তার মধ্যে চরম মানসিক হতাশা বিরাজ করছিল। সেগুলো তিনি অকপটে স্বীকার করেছেন। তবে আমরা মূলত দেখছি এর পেছনে আরও কেউ আছে কি না অথবা কোনো হীন কারণ চরিতার্থ করার জন্য এ ধরনের কোনো কাজ করেছে কিনা এটাও কিন্তু আমরা নজরে রাখছি।
পুলিশ সুপার আরো বলেন, ভাতের বিনিময়ে পড়ানোর যে বিজ্ঞাপন, এর পেছনে দুটো কারণ থাকতে পারে, একটি তার একেবারেই হীনমানসিকতার পরিচয় দেয়া। আরেকটি কারণ হয়তো নিজেকে ভাইরাল করার চেষ্টাও থাকতে পারে। আমার কাছে মনে হয়েছে মানসিকভাবে সে অত্যন্ত দীনতার পরিচয় দিয়েছে। আমরা এই বিষয়গুলো দেখছি।
এসপি বলেন, বিষয়টিকে মানবিক বিবেচনায় নিয়ে তার একটি চাকরির ব্যবস্থা করা হচ্ছে। আমরা একটি সুপার সপে তার চাকরির ব্যবস্থা করছি। তবে কোন পদে চাকরি হচ্ছে তা এখনো নিশ্চিত করা হয়নি। বলেন, তার যোগ্যতা যাচাই করে পদ নির্ধারণ করা হবে।
এর আগে আলমগীর কবির এলাকায় বগুড়ার জহুরুল নগর এলাকার বিভিন্ন জায়গায় ‘শুধুমাত্র দুবেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই, প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত’ এমন একটি পোস্টার সাঁটিয়ে দেন। এরপর তার সেই পোস্টারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।



