স্পোর্টেইনমেন্ট

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থের জন্য মনোনীত নাসুম আহমেদ

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ তথা মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশের স্পিনার নাসুম আহমেদ।

নাসুম আহমেদের সঙ্গে, সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড় নির্বাচনে আরো মনোনয়ন পেয়েছেন নেপালের সন্দিপ লামিচানে এবং যুক্তরাষ্ট্রের ক্রিকেটার জাসকারান মালহোত্রা।

আইসিসির নিরপেক্ষ ভোটিং অ্যাকাডেমির ভোট এবং বিশ্বব্যাপি সমর্থকদের ভোট দিয়েই নির্বাচন করা হবে সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড়।

সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক ক্রিকেটের পারফরম্যান্স বিবেচনায় নাসুম আহমেদকে মনোনয়ন দিয়েছে আইসিসি।

বাংলাদেশের উদীয়মান স্পিনার নাসুম আহমেদকে মনোনয়ন দেয়া হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখানোর কারণে। সেপ্টেম্বরের শুরুতে ৫ ম্যাচে মোট ৮টি উইকেট নিয়েছিলেন নাসুম। বাংলাদেশ সিরিজ জিতেছিল ৩-২ ব্যবধানে।

সিরিজের চতুর্থ ম্যাচে ১০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন নাসুম। ওই ম্যাচেই দারুণ একটি রেকর্ড গড়েন তিনি। আইসিসি পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে দ্বিতীয় বোলার হিসেবে একটি টি-টোয়েন্টি ম্যাচে ২ ওভার মেইডেন দিয়েছিলেন তিনি।

এদিকে, নারী ক্রিকেটারদের মধ্যে সেপ্টেম্বর মাসের জন্য মনোনয়ন দেয়া হয়েছে ইংল্যান্ডের চার্লি ডিন, হিদার নাইট এবং দক্ষিণ আফ্রিকার লিজলি লি’কে।

গত জানুয়ারি থেকেই মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার ঘোষণা করে আসছে আইসিসি। এরই মধ্যে গত মে মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন মুশফিকুর রহীম এবং জুলাই মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান।

Related Articles

Leave a Reply

Back to top button