ইকোবিজ

ব্যাংকারদের যাতায়াতের ব্যবস্থা না করলে গাড়ি ভাড়া দেয়ার নির্দেশ

লকডাউন চলাকালীন ব্যাংকগুলোকে তার কর্মকর্তা ও কর্মচারীদের অফিস আসা-যাওয়ার জন্য নিজস্ব ব্যবস্থাপনায় পরিবহন সুবিধা নিশ্চিত করতে হবে। যদি কোনও ব্যাংক তা নিশ্চিত করতে না পারে তাহলে কর্মীদের যাতায়াত ভাতা দিতে হবে জানিয়ে প্রজ্ঞাপন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ।

এতে বলা হয়, করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে সরকার আরোপিত বিধি-নিষেধের মধ্যে বিশেষ প্রয়োজনে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার সময়সীমা প্রাথমিকভাবে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল নির্ধারণ এবং পরে ২১ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ১৩ এপ্রিল জারি করা সার্কুলারে ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ অফিসে আনা-নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

তবে লক্ষ্য করা যাচ্ছে, সরকার ঘোষিত বিধি-নিষেধ চলাকালে ব্যাংক সব ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা করতে ব্যর্থ হওয়ায় এবং সীমিত আকারে ব্যাংকিং সেবা কার্যক্রম চালু রাখতে ব্যাংকে আসা-যাওয়ার জন্য গণপরিবহনের অপ্রতুলতার কারণে ব্যাংক কর্মকর্তা/কর্মচারীরা অধিক ব্যয় ও ভোগান্তির সম্মুখীন হচ্ছেন।

নির্দেশনায় আরও বলা হয়, ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াত সমস্যা নিরসনে ব্যাংক তার কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ব্যাংকের ব্যবস্থাপনায় নিজস্ব পরিবহন সুবিধা নিশ্চিত করবে। কোনও কারণে যাতায়াত সুবিধা নিশ্চিত করতে অসমর্থ বা ব্যর্থ হলে আসা-যাওয়ার জন্য ব্যাংক ব্যবস্থাপনা কর্তৃক যৌক্তিক হারে যাতায়াত ভাতা প্রদান করবে।

Related Articles

Leave a Reply

Back to top button