বাংলাদেশ
সাবেক ডিআইজি বজলুর রশীদের সাক্ষ্যগ্রহণ ৪ এপ্রিল

আগামী ৪ এপ্রিল, ৩ কোটি ১৪ লাখ ৩৫ হাজার ৯০২ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কারা অধিদফতরের সাময়িক বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজ) বজলুর রশীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।
বুধবার (৩১ মার্চ) ঢাকা বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন নতুন এ দিন ধার্য করেন।
মামলার বাদী দুদকের উপ-পরিচালক মোহাম্মদ সালাউদ্দিনের জেরা করার দিন ছিল আজ। কিন্তু এ দিন দুদকের পক্ষে সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে ৪ এপ্রিল দিন ধার্য করেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ২০ অক্টোবর সকাল ১০টায় সস্ত্রীক বজলুর রশীদকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে দুদক।
জিজ্ঞাসাবাদের পর ডিআইজিকে গ্রেফতার করা হয়। ওই দিনই দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিন বাদী হয়ে বজলুর রশীদের বিরুদ্ধে মামলা করা হয়।



