বাংলাদেশ

করোনায় স্কুল খুলে বাচ্চাদের মৃত্যুর ঝুঁকিতে ফেলতে পারি না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এখানে স্কুল খোলার কথা বলা হচ্ছে। কিন্তু আমেরিকাসহ বিভিন্ন দেশে স্কুল খুলে তারা আবার বন্ধ করতে বাধ্য হয়েছে। আমরা করোনা ভাইরাসের মধ্যে স্কুল খুলে দিয়ে বাচ্চাদের মৃত্যুর ঝুঁকিতে ফেলতে পারি না।’

বৃহস্পতিবার রাতে সংসদে দশম অধিবেশনের সমাপনী ভাষণে তিনি এসব কথা বলেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের শুরুতে বিরোধী দলের উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার যৌক্তিকতা নেই’ মন্তব্য করে তা খুলে দেয়ার প্রস্তাব করেন।

জিএম কাদেরের প্রস্তাবের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশেও স্কুল খোলার প্রস্তুতি নেয়া হয়েছিল। কিন্তু করোনার সেকেন্ড ওয়েভ শুরু হওয়ায় ঝুঁকি বেড়ে গেছে। এ অবস্থায় স্কুল খুলে বাচ্চাদের মৃত্যুঝুঁকিতে ফেলতে পারি না আমরা।’

শেখ হাসিনা বলেন, ‘এই যে ছেলেমেয়েগুলো, শিক্ষকরা কিংবা গার্জিয়ানের স্কুলে যাবে তাদের কী হবে? করোনা একটা সংক্রামক ব্যাধি। এটার চিকিৎসা এখনও বের হয়নি। তারপরও আমরা চিকিৎসা দিচ্ছি। মানুষ ভালো হচ্ছে। সেখানে আমরা এই ঝুঁকিটা ছেলেমেয়েদের জন্য কেন নেব? হ্যাঁ এটা ঠিক স্কুলে না যেতে পেরে বাচ্চাদেরও কষ্ট হচ্ছে।’

তিনি বলেন, ‘একদিন বসে পরীক্ষা দিয়েই শুধু সেটাই পাস, আর সারাবছর পরীক্ষা দিয়েছে পাস করে গেল সেটা পাস নয়, এটা তো হতে পারে না। সারাবছরের পরীক্ষা ভিত্তিতে যদি প্রমোশনটা দেয়া যায় তাহলে তো আমার মনে হয় মেধার পরীক্ষা হয়।’

এসময় করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানান প্রধানমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Back to top button