সর্বশেষসারাদেশ

কৃষি ও ফ্যামিলি কার্ডে দুর্নীতি বরদাশত করা হবে না: ডেপুটি স্পিকার

কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম বরদাশত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেন, বিগত সরকারের আমলের মতো টাকার বিনিময়ে ভাতা বা কার্ড বিতরণের চেষ্টা করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা ও বিভাগীয় মামলা করা হবে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে নেত্রকোনার কলমাকান্দায় তিন দিনব্যাপী ‘কৃষি প্রযুক্তি মেলা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেলাটি ২৪ থেকে ২৬ আগস্ট পর্যন্ত চলবে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কলমাকান্দার যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আবদুল্লাহ আল-মামুন। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল কার্ড বিতরণের ক্ষেত্রে সুস্পষ্ট মানদণ্ড অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কার্ড বিতরণের ক্ষেত্রে তিন কাঠা জমির মালিক বা প্রান্তিক ও অভাবী কৃষকদের আগে অগ্রাধিকার দিতে হবে।

কোনো অবস্থাতেই দোতলা ভবনের মালিক বা অকৃষকদের এই সুবিধা দেওয়া যাবে না। জনপ্রতিনিধি, ইউএনও ও কৃষি কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত স্বচ্ছ কমিটির মাধ্যমে কার্ড বিতরণ কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন তিনি। ফ্যামিলি ও কৃষি কার্ডকে প্রধানমন্ত্রীর একটি ‘সিগনেচার প্রজেক্ট’ হিসেবে উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, এটি বাস্তবায়নে সবাইকে সর্বোচ্চ সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং দেশের মানুষের কাছে দায়বদ্ধ। “কৃষক বাঁচলে দেশ বাঁচবে”—এই নীতি ধারণ করে হাওর ও পাহাড়বেষ্টিত এ অঞ্চলের কৃষির উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। সরকারি কর্মকর্তাদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের জনগণের করের টাকায় বেতন দেওয়া হয়।

তাই কৃষকদের তথ্য প্রদান ও সেবা নিশ্চিত করতে কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া হবে না। যারা সততার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন না, তাদের স্বেচ্ছায় চাকরি থেকে সরে যাওয়ার পরামর্শ দেন তিনি। মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান আসিফ, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি এম. এ. খায়র ও সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূইয়া।

এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বিপুলসংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button