বাংলাদেশ

‘ইলিশ সম্পদ উন্নয়নে বাধা দিলে ন্যুনতম অনুকম্পা থাকবে না’

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম জানিয়েছন, ইলিশ সম্পদ উন্নয়নে বাধা দিলে নূন্যতম অনুকম্পা থাকবে না।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২০, সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভাপতির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ইলিশের যেন বিস্তার ঘটে, মা ইলিশ যেন ক্ষতিগ্রস্থ না হয়, ইলিশ আহরণের পরিসর যাতে আরও বাড়ানো যায় সেজন্য মাঠ প্রশাসনের কর্মকর্তা, আইনপ্রয়োগকারী সংস্থা বিশেষ করে পুলিশ, র‌্যাব, কোস্টগার্ড, নৌবাহিনী, বিমান বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে ভূমিকা রাখতে হবে। নিষিদ্ধকালে কোনভাবেই যাতে ইলিশ আহরণ না হয় সে ব্যপারে সতর্ক থাকতে হবে।’ মৎস্য আহরণে বিরত থাকা মৎস্যজীবীদের জন্য ইতোমধ্যে ভিজিএফ চাল মাঠ পর্যায়ে পৌঁছে গেছে বলেও মন্ত্রী জানিয়েছেন।

মৎস্য সম্পদের উন্নয়নে একটা বিপ্লব হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ইলিশের উৎপাদন এ বছর অভাবনীয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বিপ্লবের সাফল্য মন্ত্রণালয়সহ মাঠ পর্যায়ের সকল কর্মকর্তার। এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে হবে। প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রতিটি জায়গায় মৎস্য সম্পদকে অনেক গুরুত্ব দিয়ে থাকেন। মৎস্য খাতের ব্যাপক সফলতা দেশে এবং দেশের বাইরে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করছে।‘ অদূর ভবিষ্যতে বিদেশে মাছ রপ্তানির মাধ্যমে মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ করে দিতে পারবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস্ আফরোজ, বিভাগীয় কমিশনারগণ, নৌপুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম, ইলিশ সম্পৃক্ত ৩৬ জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারগণ, মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালকগণ, ইলিশ সম্পৃক্ত ৩৬ জেলার জেলা মৎস্য কর্মকর্তাগণ, কোস্টগার্ড, নৌবাহিনী ও বিমান বাহিনী সদর দফতরের প্রতিনিধিগণ অনলাইনে সভায় অংশগ্রহণ ও মতামত প্রদান করেন।

Related Articles

Leave a Reply

Back to top button