বাংলাদেশ

৬ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, পাহাড়ি উজানের ঢলে ও ভারী বৃষ্টিপাতে দেশের প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ছয়টি জেলার বন্যা পরিস্থিতি অবনতি হতে পাবে। নেত্রকোণা, লালমনিরহাট, নীলফামারী, সিলেট ও সুনামগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভুঁইয়া জানান, নদ-নদীর ১০১টি পর্যবেক্ষণ স্টেশনের ৭২টি পয়েন্টে পানি বেড়েছে। এর মধ্যে ১৪টি স্টেশনের পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। ২৮টি পয়েন্টে পানি কমেছে এবং একটি স্টেশনে পানি অপরিবর্তিত রয়েছে।

পদ্মা নদীর গোয়ালন্দ ও ভাগ্যকূল পয়েন্ট এবং যমুনা নদীর আরিচা পয়েন্টে আগামী ৪৮ ঘণ্টায় পানি বিপদসীমার উপরে প্রবাহিত হতে পারে। অপরদিকে, তিস্তা ও ধরলা নদীর পানি কমতে শুরু করেছে।

বন্যা দুর্গত এলাকার প্রতিনিধিরা জানান, দুর্গত এলাকায় বসতবাড়িতে পানি প্রবেশ করেছে। পানিবন্দি হাজার হাজার মানুষ বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে। বিশুদ্ধ পানি, গো-খাদ্য ও পয়ঃনিষ্কাশন সমস্যায় পড়েছেন বন্যা কবলিত এসব এলাকার মানুষ।

Related Articles

Leave a Reply

Back to top button