স্পোর্টেইনমেন্ট

৬ মাস টি-টোয়েন্টি খেলবেন না তামিম

ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, আগামী ছয় মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট খেলবেন না।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

যদিও গত কয়েকদিন থেকে তামিম ইকবাল টি-টোয়েন্টি খেলবেন কী খেলবেন না, এ নিয়ে চলছে বেশ আলোচনা। তামিমের সঙ্গে আলোচনাও করছেন বিসিবি সভাপতি এবং অন্য কর্মকর্তারা।

অবশেষে আজ মিডিয়ার মুখোমুখি হয়ে তামিম বলেন, ‘কয়েকদিন ধরে বোর্ডের অনেকের সঙ্গে, বিসিবি সভাপতি এবং ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস ভাই, কাজী ইনাম ভাইয়ের সঙ্গে মিটিং হয়েছে, কথাবার্তা হয়েছে। তারা চাচ্ছেন আমি টি-টোয়েন্টি কন্টিনিউ করি। অন্তত বিশ্বকাপ পর্যন্ত। তবে আমার বক্তব্যটা ভিন্নরকম ছিল।’

‘তবে দুই পক্ষের কথাবার্তা শেষে বেস্ট পসেবল আউটকাম যেটা এসেছে, সেটা হলো আগামী ছয় মাস ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি ক্রিকেট কনসিডার করছি না। এই ছয় মাসে আমার পুরোপুরি মনোযোগ থাকবে টেস্ট এবং ওয়ানডেতে। টেস্ট চ্যাম্পিয়নশিপ আছে, ২০২৩ বিশ্বকাপ আছে, সেজন্য প্রিপারেশনের ব্যাপার আছে। সে কারণে আমার পুরোপুরি ফোকাসটা থাকবে এই দুই ফরম্যাটের ওপর।’

এ সময় তামিম আরো বলেন, ‘ছয় মাস পর যদি এমন একটা সময় আসে যে, ক্রিকেট বোর্ড, সিলেক্টর্স বা টিম ম্যানেজমেন্ট মনে করলো যে না আমার দরকার আছে বিশ্বকাপের আগে, তখন প্রয়োজন হলে এবং আমিও যদি রেডি থাকি, তখন এটা নিয়ে আমরা আলোচনা করবো। সুতরাং, পরবর্তী ছয় মাস আমি টি-টোয়েন্টি নিয়ে কোনোভাবেই কোনো কিছু ভাবছি না। আবারও বলছি, আমার পুরোপুরি বিশ্বাস এই ছয় মাসে যে টিমটা টি-টোয়েন্টি খেলবে বা যেসব খেলোয়াড়রা আমার জায়গায় খেলবে, তারা এতই ভালো খেলবে যে আমার আর দরকার পড়বে না।’

গত ২২ জানুয়ারি হঠাৎ মিডিয়ার সামনে তামিমের টি-টোয়েন্টি খেলা নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, তামিম আর জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলতে চায় না। এরপর থেকে এ নিয়ে পুরোপুরি চুপ থাকার পথে হাঁটেন তামিম ইকবাল।

এর মধ্যেই বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান জালাল ইউনুস ছাড়াও সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে দুই দফা বৈঠক হয়েছে তামিম ইকবালের। শেষ পর্যন্ত চট্টগ্রামে গিয়ে আজ বিকেল ৫টায় সংবাদ সম্মেলনের ঘোষণা দেন তামিম।

২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন তামিম। এরপর বাংলাদেশ দল নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া, ফের নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি খেললেও তামিম কোনও সিরিজ খেলেননি। যদিও নিউজিল্যান্ডে অ্যাওয়ে সিরিজ বাদে বাকি সিরিজগুলোতে না খেলার অন্যতম কারণ ছিল ইনজুরি। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও নিজেকে গুটিয়ে নেওয়ার পর বোঝা যাচ্ছিল, এই ফরম্যাটে খেলতে আগ্রহী নন বাঁহাতি ওপেনার।

Related Articles

Leave a Reply

Back to top button