২৪ ঘণ্টায় শনাক্তের রেকর্ড, মৃত্যু ৩৭ জন

দেশে একদিনে করোনায় আরও ৩৭ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৭০৯ জন। গত ২৪ ঘণ্টায় আরও দুই হাজার ৯১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৫২ হাজার ৪৪৫ জন করোনা শনাক্ত হলেন। আর সুস্থ হয়েছেন ৫২৩ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ১২০ জন।
মঙ্গলবার (২ জুন) দুপুরে, কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৯৫০টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ৭০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত তিন লাখ ৩৩ হাজার ৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
তিনি আরো জানান, মারা যাওয়াদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ৪ জন নারী। তাদের মধ্যে রয়েছেন, ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ১৫ জন, রংপুর বিভাগে দুই জন, বরিশালে তিন জন, রাজশাহীতে দুই জন, ময়মনসিংহ বিভাগে একজন এবং সিলেট বিভাগে চার জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুই জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১০ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে নয় জন, ৪০ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৪ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন। তাদের মধ্যে হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ২৮ জন এবং বাসায় মৃত্যুবরণ করেছেন নয় জন।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ৯১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ।



