বাংলাদেশ
২১ আগস্টের কর্মসূচি, রাজধানীর যেসব সড়কে যান চলাচল ‘সীমিত’

২০০৪ সালে ২১ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকীতে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি রয়েছে।
রোববার (২১ আগস্ট) গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে যানজট পরিহারের লক্ষ্যে রাজধানীর প্রেস ক্লাব, পল্টন ও জিরো পয়েন্ট এলাকায় যান চলাচল সীমিত থাকবে। ফলে এসব এলাকার রাস্তায় সকাল ৯টা থেকে কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত ট্রাফিক ডাইভারশন চলবে।
এসব এলাকায় চলাচলের ক্ষেত্রে ঢাকা নগরবাসীকে ভিন্ন রাস্তা ব্যবহারের অনুরোধ করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
এদিকে কর্মসূচি উপলক্ষে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে আওয়ামী লীগের কর্মীরা জড়ো হচ্ছেন বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে। এসব সড়কে যান চলাচল খুব ধীরগতিতে চলছে।



