‘২০২৪ সালের শেষ দিকে উৎপাদনে আসতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র’

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট ২০২৪ সালের শেষ দিকে উৎপাদনে আসবে বলে জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
তিনি বলেন, করোনা মহামারির কারণে কাজ কিছুটা পিছিয়ে গেছে। এতে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের কাজ সময় মতো শেষ করা যায়নি।
আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব তথ্য জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
তিনি বলেন, প্রথম ইউনিটের কাজ ৮৭ শতাংশ শেষ হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নত স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালুর মাধ্যমে সে স্বপ্ন আরও একধাপ পূরণ হবে। এখানে কাজ করার জন্য ছেলে-মেয়েরা সুযোগ পাবে। আমাদের ইঞ্জিনিয়াররা রাশিয়াতে ট্রেনিং নিয়েছে।
জানা যায়, জার্মান কোম্পানি সিমেন্স এজি রূপপুরের উপকেন্দ্রের যন্ত্রপাতি সরবরাহে অস্বীকৃতি জানিয়েছে। এতে প্রথম ইউনিট উৎপাদনে আসার সময় পিছিয়ে যাওয়া ঠেকানোর ব্যবস্থা নিতে পরামর্শ দিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান।



