হাইকোর্টের একটি বেঞ্চে বিচারিক কার্যক্রম ও নিম্ন আদালতে সপ্তাহে দুই দিন জামিন শুনানি চলবে

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চেম্বার আদালত ও হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ অতী জরুরি বিষয়গুলো নিষ্পত্তি করবেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।
এ ছাড়া ছুটি ৫ মে পর্যন্ত বাড়িয়ে দেওয়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে কঠোর সামাজিক দুরুত্ব বজায় রেখে অতীব জরুরি বিষয়গুলো শুনানির নিমিত্তে ছুটির সময়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান আপিল বিভাগের চেম্বার আদালতে বসবেন।
তা ছাড়া ছুটির সময়ে হাইকোর্ট বিভাগে বিচারপতি ওবায়দুল হাসান সব অধিক ক্ষেত্রের অতীব জরুরি বিষয়গুলো শুনানির নিমিত্তে হাইকোর্ট বিভাগের কার্যক্রম পরিচালনা করবেন। আদালত পরিচালনার কর্মপন্থা নির্ধারণ এবং কঠোরভাবে সামাজিক দূরত্ব অনুসরণের নিয়ম-কানুনের বিষয়ে বিচারপতিরা প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।
এছাড়া, দেশের নিম্ন আদালত তথা সব জেলা ও দায়রা জজ এবং মহানগর এলাকার মহানগর দায়রা জজ আদালতে সপ্তাহের যেকোনও দুই দিন কঠোরভাবে সামাজিক দূরুত্ব বজায় রেখে জরুরি জামিন শুনানির নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।
এতে বলা হয়, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিজে অথবা তার নিয়ন্ত্রণাধীন এক বা একাধিক ম্যাজিস্ট্রেট ছুটির সময়ে সুবিধামতো প্রতি সপ্তাহের যেকোনো দুই দিন কঠোরভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরি জামিন শুনানির (কারাগারে থাকা হাজতী আসামির আবেদনসহ) সীমিত আকারে আদালতের কার্যক্রম পরিচালনার ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেওয়া হলো।



