বাংলাদেশ

মিরপুরে সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

রাজধানীর মিরপুর-১১ নম্বরে, বকেয়া বেতন, ওভারটাইমের মজুরি ও ঈদ বোনাস দাবিতে বিক্ষোভ করছে পোশাকশ্রমিকরা।

শনিবার (২৩ এপ্রিল) সকাল ৯টার দিকে ওই এলাকার ‘কটন টেক্সটাইলের’ শ্রমিকরা মিরপুর-১১ নম্বরের পূরবী সিনেমা হল-সংলগ্ন পোস্ট অফিসের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

এমন পরিস্থিতিতে সকাল থেকে যান চলাচল অনেকটাই ব্যাহত হচ্ছে। ভোগান্তির মধ্যে রয়েছেন পথচারীরা।

পল্লবী থানার পরিদর্শক (পেট্রোল) মো. আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, সকাল থেকে কটন টেক্সটাইল গার্মেন্টস শ্রমিকরা বকেয়া বেতন ও বোনাসের দাবিতে রাস্তা অবরোধ করেছে। তাদের অবরোধের কারণে পোস্ট অফিসের সামনের রাস্তায় যান চলাচল ডাইভারশন করে দিতে হয়েছে।

তিনি বলেন, কটন টেক্সটাইলের মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। ‌দুই পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি দ্রুত মীমাংসা করার চেষ্টা চলছে বলেও জানান পল্লবী থানার পরিদর্শক।

জানা গেছে, মার্চ মাসের বেতন, ওভার টাইম, সার্ভিস চার্জ ও ঈদ বোনাসের দাবিতে সাড়ে তিনশো শ্রমিক গার্মেন্টের ভেতর অবস্থান নিয়ে গত মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা কয়েক দফা মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। এর পর রাতে গার্মেন্টের সামনে পালাক্রমে পাহারা বসান শ্রমিকরা।

এমনকি বাসায় গিয়েও মালিকের দেখা না পেয়ে আজ রাজপথে বিক্ষোভ করছে পোশাকশ্রমিকরা।

Related Articles

Leave a Reply

Back to top button